লেবাননে ইজরায়েলি বিমান হানা, কমান্ডারসহ নিহত ১০ – এবেলা
এবেলা ডেস্কঃ
গাজা যুদ্ধ পরবর্তী অস্থিরতার মাঝেই লেবাননের বালবেক অঞ্চলে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইজরায়েল। উত্তর-পূর্ব লেবাননের রয়াক গ্রামের একটি বহুতল ভবন লক্ষ্য করে শুক্রবার রাতে এই অভিযান চালানো হয়। হেজবোল্লার তিনটি ঘাঁটি লক্ষ্য করে চালানো এই হামলায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে লেবাননের স্বাস্থ্যমন্ত্রক। ইজরায়েলি সেনার দাবি, ক্ষেপণাস্ত্র ইউনিটের শক্তি বৃদ্ধি ও হামলার পরিকল্পনা রুখতেই এই সামরিক পদক্ষেপ।
নিহতদের মধ্যে হেজবোল্লার তিনজন স্থানীয় কমান্ডার রয়েছেন বলে জানা গেছে। মৃতদের তালিকায় উল্লেখযোগ্য নাম হুসেন ইয়াঘি, যিনি হেজবোল্লার প্রতিষ্ঠাতা মহম্মদ ইয়াঘির পুত্র। উল্লেখ্য, ২০২৩ সালেও ইজরায়েলি হামলায় প্রাণ হারিয়েছিলেন এই গোষ্ঠী নেতা। রয়াক গ্রামের ওই ভবনটি বর্তমানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই হামলায় ৩ শিশুসহ আরও ২৪ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মধ্যপ্রাচ্যে ইরান ও আমেরিকার ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এই হামলা নতুন করে যুদ্ধের আশঙ্কা উসকে দিয়েছে। একদিকে যখন লেবাননে ইজরায়েলি অভিযান চলছে, অন্যদিকে ইরানে সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল জনতা। ইজরায়েলের দাবি, তাদের এই অভিযান ছিল সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু ভিত্তিক এবং এর মাধ্যমে সন্ত্রাসবাদী কার্যকলাপ দমন করা সম্ভব হয়েছে। তবে নিরপরাধ মানুষের হতাহতের ঘটনায় ওই অঞ্চলে চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।

