লেটেস্ট নিউজ

শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে পুলিশে কড়া নজরদারি কমিশনের: জারি হলো নয়া অ্যাকশন প্ল্যান – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করতে রাজ্য পুলিশের জন্য কঠোর ‘অ্যাকশন প্ল্যান’ জারি করল ভারতের নির্বাচন কমিশন। মহকুমা পুলিশ আধিকারিক (SDPO) থেকে শুরু করে থানার ওসি পর্যন্ত প্রত্যেকের সুনির্দিষ্ট ভূমিকা স্পষ্ট করে দিয়েছে কমিশন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন থেকে সমস্ত পুলিশ আধিকারিক কমিশনের অধীনে ডেপুটেশনে থাকবেন এবং কর্তব্যে গাফিলতি হলে জনপ্রতিনিধিত্ব আইনের আওতায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নির্দেশিকা অনুযায়ী, আগামী ১০ দিনের মধ্যে সমস্ত জামিন অযোগ্য ওয়ারেন্ট কার্যকর করতে হবে। প্রতিটি থানাকে এলাকার দাগি অপরাধী ও ফেরার আসামিদের তালিকা তৈরি করে প্রয়োজনে ‘লুক আউট’ নোটিস জারির নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, আন্তঃরাজ্য ও আন্তঃজেলা সীমানায় নাকা পয়েন্টগুলোতে ২৪ ঘণ্টা সিসিটিভি নজরদারি এবং অবৈধ মাদক ও মদের কারবার রুখতে কড়া তল্লাশির নির্দেশ দিয়েছে কমিশন।

নির্বাচনী পর্যবেক্ষক ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হোটেল ও ধর্মশালায় নিয়মিত তল্লাশি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। অপরাধীদের গতিবিধি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ অভিযান পরিচালনার কথা বলা হয়েছে এই নির্দেশিকায়। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং ভোটারদের আস্থা ফেরাতে নির্বাচন কমিশনের এই কড়া পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *