লেটেস্ট নিউজ

শিয়ালদা শাখার রেল সূচিতে বড় বদল, গেদে পর্যন্ত বাড়ছে একাধিক ট্রেনের রুট – এবেলা

এবেলা ডেস্কঃ

যাত্রী পরিষেবা আরও উন্নত করতে শিয়ালদা-রানাঘাট-গেদে এবং নৈহাটি-মাঝেরহাট শাখায় একগুচ্ছ ট্রেনের রুট ও সময়সূচিতে বড়সড় পরিবর্তনের ঘোষণা করল পূর্ব রেল। আগামী ১৬ মার্চ থেকে পরীক্ষামূলক ও অস্থায়ী ভিত্তিতে এই নতুন পরিষেবাগুলি চালু হতে চলেছে। এর ফলে শিয়ালদা থেকে ব্যারাকপুর ও নৈহাটি পর্যন্ত চলা বেশ কিছু লোকাল ট্রেনের যাত্রাপথ বাড়িয়ে সরাসরি গেদে পর্যন্ত করা হয়েছে।

রেলের নতুন সূচি অনুযায়ী, পূর্বের শিয়ালদা-ব্যারাকপুর লোকাল এখন থেকে শিয়ালদা-গেদে স্পেশাল হিসেবে নির্দিষ্ট সময়ে চলবে। একইভাবে ব্যারাকপুর-শিয়ালদা লোকালটি এখন থেকে গেদে স্টেশন থেকে যাত্রা শুরু করবে। এছাড়াও শিয়ালদা-নৈহাটি লোকালের সময় পরিবর্তন করে সেটিকেও গেদে পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে। পাশাপাশি গেদে-রানাঘাট ও নৈহাটি-মাঝেরহাট লোকালকে সংযুক্ত করে একটি নতুন স্পেশাল ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কল্যাণী সীমান্ত লোকালসহ বেশ কিছু ট্রেনের প্রস্থানের সময়ও কয়েক মিনিট এগিয়ে বা পিছিয়ে দেওয়া হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, মূলত যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ। আপাতত পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা কার্যকর হলেও যাত্রীদের প্রতিক্রিয়া ও বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করে ভবিষ্যতে এই পরিষেবা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এর ফলে উত্তর ২৪ পরগনা ও নদিয়ার নিত্যযাত্রীরা উপকৃত হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *