শিল্পার ছবি ও কণ্ঠস্বর ব্যবহারে নিষেধাজ্ঞা, অভিনেত্রীকে বড় স্বস্তি দিল বম্বে হাইকোর্ট – এবেলা
এবেলা ডেস্কঃ
আইনি জটিলতার মাঝেই বড়সড় স্বস্তি পেলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি। অনুমতি ছাড়া এখন থেকে আর কেউ অভিনেত্রীর নাম, ছবি, কণ্ঠস্বর বা ব্যক্তিত্ব ব্যবহার করতে পারবে না। মঙ্গলবার শিল্পার করা এক মামলার প্রেক্ষিতে বম্বে হাইকোর্ট এই রক্ষাকবচ প্রদান করেছে।
বিগত কয়েক মাস ধরে আর্থিক প্রতারণার অভিযোগ এবং লুক-আউট নোটিশের কারণে শিল্পা শেট্টি ও তাঁর স্বামী রাজ কুন্দ্রা সংবাদ শিরোনামে রয়েছেন। তবে নিজের ব্যক্তিগত অধিকার রক্ষায় গত বছরের নভেম্বরে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিনেত্রী। অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার বা ঐশ্বর্য রাই বচ্চনের মতো এর আগে একাধিক তারকাও তাঁদের নাম ও ছবির অপব্যবহার রুখতে আইনি পদক্ষেপ নিয়েছিলেন।
আদালতের রায়ে স্পষ্ট জানানো হয়েছে, ইন্টারনেট বা কোনো ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ডিপফেক’ কিংবা অন্যের পরিচয় ধারণ করার ক্ষেত্র হতে পারে না। শিল্পার সম্মতি ছাড়া তাঁর কোনো তথ্য বা পরিচয় বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা আইনত দণ্ডনীয়। অভিনেত্রীর আইনজীবী সানা রইস খান জানিয়েছেন, আদালত সমস্ত ডিজিটাল প্ল্যাটফর্মকে নির্দেশ দিয়েছে যাতে শিল্পা সংক্রান্ত কোনো মানহানিকর বা বেআইনি বিষয়বস্তু দ্রুত সরিয়ে ফেলা হয়। কোনো ব্যক্তির খ্যাতি বা পরিচয়কে তাঁর অনুমতি ছাড়া ডিজিটাল দুনিয়ায় অপব্যবহার করা যাবে না বলেও রায়ে উল্লেখ করা হয়েছে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর এই জয় শিল্পার ব্যক্তিগত ও পেশাদার মর্যাদা রক্ষায় এক বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

