শীতলকুচিতে নাকা তল্লাশিতে ১৮ লক্ষ উদ্ধার, ভোটের মুখে কোচবিহারে তোলপাড় – এবেলা
এবেলা ডেস্কঃ
কোচবিহারের শীতলকুচিতে চাঞ্চল্যকর ঘটনা। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে জেলাজুড়ে শুরু হয়েছে কড়া পুলিশি নজরদারি। বুধবার শীতলকুচির নতুন বাজার এলাকায় নাকা চেকিং চলাকালীন পুলিশের জালে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা।
পুলিশ সূত্রে খবর, তল্লাশি চালানোর সময় পরপর দুটি গাড়ি আটক করা হয়। একটি গাড়ি থেকে উদ্ধার হয় ১৬ লক্ষ ৮০ হাজার টাকা এবং অন্যটি থেকে উদ্ধার হয় প্রায় দেড় লক্ষ টাকা। মোট ১৮ লক্ষাধিক টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। জানা গিয়েছে, উদ্ধার হওয়া টাকার সঠিক নথিপত্র দেখাতে না পারায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গাড়ি দুটির মধ্যে একটি স্থানীয় শোরুম মালিকের এবং অন্যটি এক ব্যবসায়ীর বলে জানা গেছে।
অন্যদিকে একই দিনে তুফানগঞ্জের চোরাই এলাকায় অভিযান চালিয়ে এক যুবককে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। নির্বাচনের আগে জেলায় শান্তি বজায় রাখতে কড়া অবস্থানে প্রশাসন। নবনিযুক্ত পুলিশ সুপার যশপ্রীত সিং কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে রুট মার্চ শুরু করেছেন। ভোটের আগে কোনওরকম অনিয়ম বা বেআইনি কাজ যে বরদাস্ত করা হবে না, তা পুলিশের এই সক্রিয়তা থেকেই স্পষ্ট।

