লেটেস্ট নিউজ

শুটিং ফ্লোরে অপেশাদার আচরণের অভিযোগ, ‘এরাও মানুষ’ ছবি থেকে বাদ পড়লেন জীতু কামাল – এবেলা

এবেলা ডেস্কঃ

টলিউড অভিনেতা জীতু কামালের বিরুদ্ধে অশোভন ও অপেশাদার আচরণের অভিযোগে কঠোর পদক্ষেপ নিলেন ‘এরাও মানুষ: দ্য সার্চ উইদিন’ ছবির নির্মাতারা। পরিচালক সাই প্রকাশ লাহিড়ীর দাবি, শুটিংয়ের প্রথম দিন থেকেই স্পট বয়সহ ইউনিটের সদস্যদের সাথে দুর্ব্যবহার করছিলেন অভিনেতা। সোমবার কলকাতায় ছবির শেষ পর্যায়ের শুটিং চলাকালীন চরম বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় মাঝপথেই জীতুর সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয় প্রযোজনা সংস্থা।

মূল বিতর্কের সূত্রপাত অতিরিক্ত পারিশ্রমিক ও শুটিংয়ের সময় নিয়ে। নির্মাতাদের অভিযোগ, জীতু চুক্তির বাইরে গিয়ে অতিরিক্ত এক ঘণ্টা কাজের জন্য দেড় লক্ষ টাকা দাবি করেন। এছাড়া সহ-অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় সেটে না আসা পর্যন্ত মেকআপ করতে অস্বীকার এবং সহকারী পরিচালকের কাছে অন্যায্য শর্তারোপ করে সেট ছেড়ে বেরিয়ে যাওয়ার মতো নাটকীয় পরিস্থিতি তৈরি করেন তিনি। এই টালবাহানার কারণে গত অক্টোবরে শেষ হওয়ার কথা থাকলেও ছবিটির কাজ মার্চ পর্যন্ত ঝুলে ছিল।

আর্থিক ও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে জীতুকে পাঠানো টার্মিনেশন মেইলে পারিশ্রমিক রিফান্ডের কথা উল্লেখ করা হয়েছে। জানা গেছে, অভিনেতাকে ইতিমধ্যে ১২ লক্ষ ৬০ হাজার টাকা প্রদান করা হয়েছিল। এই অপ্রীতিকর ঘটনায় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও টিমের পাশে দাঁড়িয়েছেন। দীর্ঘ টালবাহানা ও শুটিং ভেস্তে যাওয়ার কারণে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে শেষ পর্যন্ত জীতুকে ছাড়াই কাজ এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ছবির সুরকার ও প্রযোজক বালাসাই লাহিড়ী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *