লেটেস্ট নিউজ

শুভেন্দুর জেলায় কমিশনের বড় ঝটকা, পোলিং অফিসার নিয়োগে অনিয়মের জেরে অপসারিত জেলাশাসক – এবেলা

এবেলা ডেস্কঃ

নির্বাচন কমিশনের কড়া দাওয়াইয়ে উত্তাল পূর্ব মেদিনীপুর। ভোট কর্মীদের তালিকায় নিয়ম ভেঙে চুক্তিভিত্তিক কর্মীদের নাম ঢোকানোর অভিযোগে তড়িঘড়ি সরিয়ে দেওয়া হলো জেলাশাসক ইউনিস ঋষিন ইসমাইলকে। তাঁর জায়গায় নতুন জেলাশাসক ও জেলা নির্বাচনী আধিকারিক হিসেবে দায়িত্ব নিচ্ছেন অভিজ্ঞ আইএএস অফিসার নিরঞ্জন কুমার।

কমিশনের স্পষ্ট নির্দেশিকা অনুযায়ী, পোলিং ডিউটির জন্য নির্দিষ্ট ডেটাবেসে কোনোভাবেই চুক্তিভিত্তিক কর্মীদের রাখা যায় না। মেদিনীপুরে এই নিয়ম লঙ্ঘনের খবর কানে আসতেই সক্রিয় হয় কমিশন। ২০০৭ ব্যাচের আইএএস নিরঞ্জন কুমারকে ২৬ মার্চ সকাল ১১টার মধ্যে দায়িত্ব বুঝে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শুধুমাত্র বদলি নয়, এই অনিয়মের নেপথ্যে আসল কারিগর কারা তা খুঁজে বের করতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে আগামী ৩ দিনের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। ভোটের মুখে মেদিনীপুরের মতো হাই-ভোল্টেজ জেলায় এই প্রশাসনিক রদবদল রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *