লেটেস্ট নিউজ

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, কমিশনে তৃণমূল – এবেলা

এবেলা ডেস্কঃ

নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র করের বাড়ির সামনে আপত্তিকর স্লোগান ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস। সম্প্রতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির একটি মিছিল থেকে প্রার্থীর উদ্দেশে ‘চোর’ স্লোগান দেওয়া এবং অভব্য আচরণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘনের দাবি জানিয়ে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন।

তৃণমূলের পক্ষ থেকে কমিশনে জমা দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, গত ২২ মার্চ বয়াল এলাকায় মিছিল চলাকালীন জনসমক্ষে মদ্যপান ও অশালীন উল্লাস করা হয়। শাসকদলের দাবি, কোনো প্রমাণ ছাড়াই একজন প্রার্থীর ব্যক্তিগত সম্মানহানি করা হয়েছে এবং ভোটারদের ভয় দেখিয়ে গণতান্ত্রিক অধিকার হরণের চেষ্টা চলেছে। এই ধরনের কর্মকাণ্ড নির্বাচনী পরিবেশকে কলুষিত ও নিরপেক্ষতা ক্ষুণ্ণ করছে বলে অভিযোগ পত্রে জানানো হয়েছে।

এই ঘটনার প্রেক্ষিতে শুভেন্দু অধিকারীসহ সংশ্লিষ্ট বিজেপি নেতা-কর্মীদের শোকজ করার এবং তাঁদের বিরুদ্ধে উপযুক্ত ধারায় মামলা রুজু করার দাবি জানিয়েছে তৃণমূল। নির্বাচন প্রক্রিয়া অবাধ ও শান্তিপূর্ণ রাখতে কমিশনকে দ্রুত হস্তক্ষেপ করার অনুরোধ জানানো হয়েছে। তৃণমূলের মতে, প্রার্থীর বাড়ির সামনে এই ধরনের প্ররোচনামূলক আচরণ সুস্থ নির্বাচনী সংস্কৃতির পরিপন্থী এবং ভোটারদের মধ্যে ভয়ের আবহ তৈরি করার একটি পরিকল্পিত চেষ্টা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *