শুল্কনীতি নিয়ে একক সিদ্ধান্তের ক্ষমতা নেই ট্রাম্পের, মার্কিন সুপ্রিম কোর্টের রায়ে বড় ধাক্কা খেলেন প্রেসিডেন্ট – এবেলা
এবেলা ডেস্কঃ
আন্তর্জাতিক বাণিজ্যে একাধিপত্য কায়েম করতে গিয়ে বড়সড় আইনি ধাক্কা খেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার মার্কিন Supreme \titleonly কোর্ট এক ঐতিহাসিক রায়ে জানিয়ে দিয়েছে, মার্কিন কংগ্রেসের পূর্ব অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট এককভাবে আন্তর্জাতিক স্তরে কোনো নতুন শুল্ক আরোপ করতে পারেন না। প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন ৯ সদস্যের বেঞ্চ ৬-৩ ব্যবধানে এই সিদ্ধান্ত গ্রহণ করে। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে যে, জরুরি অবস্থার দোহাই দিয়ে আমদানির ওপর চড়া শুল্ক বসানো প্রেসিডেন্টের ক্ষমতার অপব্যবহার এবং এটি ১৯৭৭ সালের অর্থনৈতিক আইনের পরিপন্থী।
Supreme \titleonly কোর্টের এই নির্দেশের ফলে ট্রাম্প প্রশাসনের নেওয়া পূর্ববর্তী শুল্ক সংক্রান্ত সিদ্ধান্তগুলো বড়সড় আইনি ও অর্থনৈতিক সংকটের মুখে পড়ল। এই রায়ের জেরে আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিগুলোর ভবিষ্যৎ যেমন অনিশ্চিত হয়ে পড়েছে, তেমনই আমদানিকারকদের বিপুল পরিমাণ অর্থ ফেরত দিতে হতে পারে ট্রাম্প সরকারকে। ভারতের মতো যে দেশগুলো ইতিপূর্বে আমেরিকার সঙ্গে দর কষাকষির মাধ্যমে বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেছিল, তাদের ওপরেও এই রায়ের ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। এখন হোয়াইট হাউস আইনি পথ বদলায় নাকি সংবিধান সংশোধনের পথে হাঁটে, সেদিকেই তাকিয়ে বিশ্বমহল।

