শুল্ক নিয়ে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা ট্রাম্পের, মঙ্গলবার থেকে সিদ্ধান্ত স্থগিত
আমেরিকার জাতীয় জরুরি অবস্থা সংক্রান্ত আইন প্রয়োগ করে বিভিন্ন দেশের ওপর ডোনাল্ড ট্রাম্পের আরোপিত আমদানি শুল্ক মঙ্গলবার থেকে স্থগিত করা হচ্ছে। মার্কিন সুপ্রিম কোর্ট এই শুল্ককে ‘বেআইনি’ ঘোষণার পর ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন বিভাগ এই সিদ্ধান্ত নেয়। স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিট থেকেই এই নির্দেশ কার্যকর হতে চলেছে।
আদালতের মতে, কংগ্রেসের অনুমতি ছাড়াই ট্রাম্প এককভাবে এই অতিরিক্ত শুল্ক চাপিয়ে ক্ষমতার অপব্যবহার করেছেন। ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকনমিক পাওয়ার্স অ্যাক্টের দোহাই দিয়ে নেওয়া এই পদক্ষেপ আইনি ভিত্তি হারিয়েছে। ফলে হোয়াইট হাউস আইনি বাধ্যবাধকতার মুখে পড়ে দ্রুত শুল্ক আদায় বন্ধের ঘোষণা দিতে বাধ্য হয়েছে।
তবে এই সংকটের মধ্যেই ট্রাম্প ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ১২২ নম্বর ধারা ব্যবহার করে নতুন করে ১০ থেকে ১৫ শতাংশ সাময়িক শুল্ক আরোপের নির্দেশ দিয়েছেন। যদিও আইন অনুযায়ী, কংগ্রেসের অনুমোদন ছাড়া এই ধরনের শুল্ক ১৫০ দিনের বেশি কার্যকর রাখা সম্ভব নয়। বর্তমানে মার্কিন প্রশাসনের এই আইনি লড়াই বিশ্ব বাণিজ্যে নতুন অস্থিরতা তৈরি করেছে।

