লেটেস্ট নিউজ

শুল্ক নীতিতে অসন্তোষ, ট্রাম্পকে প্রেসিডেন্ট পদে দেখতে চান না ৬০ শতাংশ আমেরিকান

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত শুল্ক নীতি ও খামখেয়ালি শাসনপদ্ধতিতে মার্কিন জনগণের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। সম্প্রতি এবিসি নিউজ, ওয়াশিংটন পোস্ট এবং ইপসোস-এর যৌথ সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। রিপোর্ট অনুযায়ী, দেশের ৬০ শতাংশ নাগরিক ট্রাম্পকে আর প্রেসিডেন্ট পদে দেখতে আগ্রহী নন। বিশেষ করে আমদানি পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ এবং বৈদেশিক নীতির কারণে সাধারণ মানুষের মধ্যে এই ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

সমীক্ষায় দেখা গেছে, প্রায় ৬৫ শতাংশ মানুষ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ট্রাম্পের ব্যর্থতার সমালোচনা করেছেন। এছাড়া ৬৪ শতাংশ নাগরিক আমদানিকৃত পণ্যের ওপর উচ্চ শুল্কের বিরোধিতা করেছেন এবং ৬২ শতাংশ মানুষ তার বৈদেশিক নীতিকে ভুল বলে মনে করছেন। মাত্রাতিরিক্ত শুল্কের প্রভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশচুম্বী হওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রায় নাভিশ্বাস উঠেছে, যা ট্রাম্পের জনপ্রিয়তায় বড়সড় ধস নামিয়েছে।

তবে ট্রাম্পের ওপর বিরক্ত হলেও বিকল্প হিসেবে ডেমোক্র্যাটদের ওপর খুব একটা আস্থা নেই মার্কিনিদের। সমীক্ষায় ৩৩ শতাংশ মানুষ ট্রাম্পের ওপর ভরসা রাখলেও ডেমোক্র্যাটদের সমর্থন করেছেন মাত্র ৩১ শতাংশ। অন্যদিকে, ৩১ শতাংশ নাগরিক কোনো পক্ষের ওপরই আস্থা খুঁজে পাচ্ছেন না। মেক আমেরিকা গ্রেট এগেইন স্লোগান দিয়ে ক্ষমতা দখল করলেও বর্তমান অর্থনৈতিক ও অভিবাসন নীতির জেরে ট্রাম্পের গ্রহণযোগ্যতা এখন তলানিতে এসে ঠেকেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *