শেখ হাসিনাকে কি ভারত থেকে ফিরিয়ে আনছেন তারেক রহমান? ক্ষমতা গ্রহণের আগেই মিলল বড় ইঙ্গিত – এবেলা
এবেলা ডেস্কঃ
February 15, 202611:46 am
দুই দশকের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের মসনদে বসতে চলেছেন বিএনপি নেতা তারেক রহমান। নির্বাচনের ফল ঘোষণার পর ১৪ ফেব্রুয়ারি নিজের প্রথম সংবাদ সম্মেলনে তিনি এমন এক প্রশ্নের মুখোমুখি হন, যার উত্তরের অপেক্ষায় ছিল গোটা দক্ষিণ এশিয়া— ভারত থেকে কি শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে?
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) ইতিমধ্যেই শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে। এই স্পর্শকাতর বিষয়ে তারেক রহমান অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেন। তিনি জানান, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়টি সম্পূর্ণভাবে আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করছে। তাঁর সরকার আইনের শাসনের ওপর শ্রদ্ধাশীল থাকবে এবং বিচার বিভাগের কাজে কোনো হস্তক্ষেপ করবে না বলে তিনি ইঙ্গিত দেন। বিএনপির সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীও একই সুরে জানান যে, তাঁরা নির্বাহী বিভাগ ও বিচার বিভাগকে আলাদা রাখার পক্ষপাতি।
নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতি এবং সমর্থকদের মধ্যে বিরাজমান অসন্তোষ প্রসঙ্গে তারেক রহমান বলেন, দেশে ‘আইনের শাসন’ প্রতিষ্ঠা করাই তাঁর প্রধান অগ্রাধিকার। দলীয় কর্মীদের কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে শান্তি বজায় রাখার কঠোর নির্দেশ দিয়েছেন তিনি। শেখ হাসিনার বিরুদ্ধে থাকা দুর্নীতির মামলাগুলো নিয়ে এখনই সরাসরি কোনো মন্তব্য না করলেও, এটা স্পষ্ট যে আগামী দিনে ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কের মূল কেন্দ্রবিন্দু হতে চলেছে শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুটি।

