শোয়েব মালিকের রেকর্ড ভেঙে চুরমার করলেন বিরাট কোহলি – এবেলা
এবেলা ডেস্কঃ
২০২৬ আইপিএলের উদ্বোধনী ম্যাচেই রাজকীয় মেজাজে ধরা দিলেন কিং কোহলি। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং করে টি-২০ ক্রিকেটের ইতিহাসে এক নতুন নজির গড়লেন আরসিবি তারকা। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিকের ১৩,৫৭১ রানের পাহাড়প্রমাণ রেকর্ড টপকে এখন বিশ্বের ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রাহক বিরাট। শনিবার বেঙ্গালুরুতে মাত্র ২৯ রান দরকার ছিল এই মাইলফলক ছোঁয়ার জন্য, যা অষ্টম ওভারেই অনায়াসে পূর্ণ করেন তিনি। বর্তমানে ৪১৫টি ম্যাচে বিরাটের রান সংখ্যা শোয়েবকেও হার মানিয়েছে। এখন কোহলির সামনে কেবল ক্রিস গেইল, কায়রন পোলার্ড এবং ডেভিড ওয়ার্নারদের মতো মহাতারকারা। মাঠের লড়াইয়ে জয়ের পাশাপাশি গ্যালারিতে থাকা অনুষ্কা শর্মাকে বিশেষ কায়দায় আদুরে চুমু ছুঁড়ে দিয়ে ভক্তদের মনও জয় করে নিয়েছেন আধুনিক ক্রিকেটের এই রান মেশিন।

