শ্রীদেবীর সম্পত্তি নিয়ে আইনি লড়াই: মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ বনি কাপুর ও তাঁর কন্যারা – এবেলা
এবেলা ডেস্কঃ
প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর চেন্নাইয়ের জমি নিয়ে আইনি জটিলতায় জড়িয়েছেন প্রযোজক বনি কাপুর ও তাঁর দুই কন্যা জানভি ও খুশি কাপুর। ১৯৮৮ সালে কেনা ইস্ট কোস্ট রোডের ৪.৭ একর জমির মালিকানা দাবি করে চন্দ্রভানু নামে এক মহিলা ও তাঁর সন্তানেরা দেওয়ানি মামলা দায়ের করেছেন। নিম্ন আদালতে কাপুর পরিবারের আবেদন নাকচ হওয়ার পর, তাঁরা মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আদালত বর্তমানে নিম্ন আদালতের কার্যক্রমে স্থগিতাদেশ জারি করেছে।
অভিযোগকারীদের দাবি, জমিটির প্রকৃত মালিক ছিলেন চন্দ্রভানুর স্বামী এম.সি. চন্দ্রশেখর এবং সেই সূত্রে তাঁরা অংশীদার। অন্যদিকে, কাপুর পরিবারের আইনজীবীদের যুক্তি, চন্দ্রভানুর সঙ্গে ওই ব্যক্তির বিবাহ আইনত বৈধ ছিল না, তাই এই সম্পত্তির ওপর তাঁদের কোনো আইনি ভিত্তি নেই। এছাড়া প্রায় ৩৮ বছর ধরে নিরবচ্ছিন্নভাবে এই জমি কাপুর পরিবারের দখলেই রয়েছে এবং দীর্ঘ সময় পর এই দাবি তোলা উদ্দেশ্যপ্রণোদিত।
কাপুর পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, চন্দ্রশেখর জীবিত থাকাকালীন এই লেনদেন নিয়ে কখনও কোনো আপত্তি তোলেননি। তবে বাদীপক্ষের দাবি, এই জমি জালিয়াতির মাধ্যমে দখল করা হয়েছে। বর্তমানে মাদ্রাজ হাইকোর্ট মামলাটি গ্রহণ করে আগামী ২৬ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। উচ্চ আদালতের এই হস্তক্ষেপের ফলে আপাতত স্বস্তিতে কাপুর পরিবার, তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য নজর থাকবে আগামী শুনানির দিকে।

