শ্রীলঙ্কায় গভীর জ্বালানি সংকটের আশঙ্কা, সপ্তাহে চার দিন কাজের সিদ্ধান্ত সরকারের – এবেলা
এবেলা ডেস্কঃ
আন্তর্জাতিক বাজারে অস্থিরতা ও সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় শ্রীলঙ্কা সরকার দেশে চার দিনের কর্মসপ্তাহ ঘোষণা করেছে। নতুন এই নিয়ম অনুযায়ী, প্রতি বুধবার সরকারি ছুটি থাকবে। মূলত জ্বালানি সাশ্রয় এবং বিদ্যুৎ খরচ কমানোর লক্ষ্যেই এই আগাম সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ১৮ মার্চ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন অত্যাবশ্যক পরিষেবার কমিশনার জেনারেল প্রভাত চন্দ্রকীর্তি।
এই সরকারি নির্দেশিকা কেন্দ্রীয় ও প্রাদেশিক স্তরের সমস্ত সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান এবং আদালতের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে স্বাস্থ্য পরিষেবা, বন্দর এবং জল সরবরাহের মতো জরুরি বিভাগগুলো এই ছুটির আওতামুক্ত থাকবে এবং স্বাভাবিকভাবেই কাজ চালিয়ে যাবে। একইসঙ্গে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এই উদ্যোগ বিবেচনার আহ্বান জানিয়েছে প্রশাসন। দ্বীপরাষ্ট্রটির আমদানিনির্ভর অর্থনীতির কথা মাথায় রেখেই সরকার এই কৃচ্ছ্রসাধন নীতি গ্রহণ করেছে।
জ্বালানি ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল করতে কিউআর কোড-ভিত্তিক ডিজিটাল ব্যবস্থা চালু করা হয়েছে, যার মাধ্যমে যানবাহনের ধরন অনুযায়ী সাপ্তাহিক কোটা নির্ধারিত থাকবে। বিশেষজ্ঞরা মনে করছেন, বিগত বছরের তীব্র অর্থনৈতিক সংকটের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই কলম্বো প্রশাসন আগাম এই কঠোর ব্যবস্থা নিচ্ছে। আন্তর্জাতিক পরিস্থিতির ওপর ভিত্তি করেই ভবিষ্যতে এই সিদ্ধান্তের মেয়াদ নির্ধারণ করা হবে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।

