সংখ্যালঘুদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে আইনি জালে অর্জুন সিং – এবেলা
এবেলা ডেস্কঃ
ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীকে আক্রমণ করতে গিয়ে সংখ্যালঘু মহিলাদের নিয়ে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে বিদ্ধ হলেন বিজেপি নেতা অর্জুন সিং। এই ঘটনার প্রতিবাদে দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলা সংখ্যালঘু সেলের পক্ষ থেকে টিটাগড় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ক্ষুব্ধ আন্দোলনকারীরা বিজেপি নেতার কুশপুতুল দাহ করে অবিলম্বে পুলিশি পদক্ষেপের দাবি জানিয়েছেন।
বিক্ষোভকারীদের মতে মুসলিম মহিলাদের সম্মানহানি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এলাকায় প্রতিবাদ মিছিল বের করে বিচার চেয়ে সরব হয়েছেন স্থানীয় মহিলারা। এর আগেও একাধিক মামলায় নাম জড়ালেও নতুন এই বিতর্কে অর্জুন সিংয়ের অস্বস্তি আরও বাড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সজাগ রয়েছে স্থানীয় প্রশাসন।

