লেটেস্ট নিউজ

সঞ্জীব গোয়েঙ্কাকে ‘ভাঁড়’ বলে চরম তোপ ললিত মোদির! আইপিএলের সাফল্যের কৃতিত্ব নিয়ে ধুন্ধুমার লড়াই – এবেলা

এবেলা ডেস্কঃ

আইপিএলের আসল কারিগর কে? বিসিসিআইয়ের জয় শাহর প্রশংসা করতেই লখনউ মালিকের ওপর ফেটে পড়লেন লিগের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদি। নিজের এক্স হ্যান্ডেলে গোয়েঙ্কাকে তীব্র ভাষায় আক্রমণ করে মোদি লেখেন, “মনে হয় ওঁর স্মৃতিভ্রম হয়েছে, তাই আসল ইতিহাস ভুলে নিজের জগতে বাস করছেন।” এমনকি সঞ্জীব গোয়েঙ্কাকে ‘ভাঁড়’ বলে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি।

বিতর্কের সূত্রপাত লখনউ সুপার জায়ান্টসের মালিকের একটি পোস্ট ঘিরে। যেখানে রাজস্থান রয়্যালস এবং আরসিবি-র আকাশচুম্বী বাজারমূল্যের কথা উল্লেখ করে গোয়েঙ্কা দাবি করেন, জয় শাহর দূরদর্শিতা এবং প্রশাসনিক কাঠামোর কারণেই আইপিএল আজ এই উচ্চতায় পৌঁছেছে। এই মন্তব্য ঘিরেই চটেছেন ললিত মোদি। তাঁর মতে, আইপিএলের এই মডেলের উদ্ভাবক কে, তা ভুলে গিয়ে স্রেফ একটি টুইটেই ইতিহাস বদলে দেওয়া সম্ভব নয়। ললিত মোদি সাফ জানান, সঞ্জীবের দাদা হর্ষবর্ধন গোয়েঙ্কা বরং অনেক বেশি ক্রিকেটপ্রেমী।

উল্লেখ্য, ২০০৮ সালে যে লিগ শুরু হয়েছিল, তার রূপকার হিসেবে ললিত মোদির নামই ইতিহাসের পাতায় উজ্জ্বল। যদিও পরবর্তীকালে অর্থ তছরুপ ও দুর্নীতির অভিযোগে তাঁকে দেশ ছাড়তে হয়েছিল। কিন্তু আজও আইপিএলের সাফল্যের কৃতিত্ব ভাগাভাগি নিয়ে ক্রিকেট মহলে বিতর্কের পারদ তুঙ্গে। একদিকে বর্তমান বিসিসিআইয়ের সাফল্য, অন্যদিকে শুরুর দিনের সেই বৈপ্লবিক ভাবনা— কার হাত ধরে আইপিএল আজকের এই ‘সোনার খনি’, সেই লড়াই এবার পৌঁছল ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *