সঞ্জুর বিদায় নাকি ঈশানের তাণ্ডব, বিশ্বকাপের আগে কি কড়া বার্তা দিল টিম ইন্ডিয়া
টি-টোয়েন্টি বিশ্বকাপের মহাযুদ্ধ শুরুর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে বিধ্বংসী মেজাজে ধরা দিলেন ঈশান কিষান। মাত্র ৪২ বলে শতরান পূর্ণ করে কিউয়ি বোলারদের কার্যত মাঠছাড়া করেন ঝাড়খণ্ডের এই বাঁ-হাতি ওপেনার। তাঁর ১০টি ছক্কা ও ৬টি বাউন্ডারিতে সাজানো ১০৩ রানের ইনিংসে ভর করে ভারত ৫ উইকেটে ২৭১ রানের পাহাড় গড়ে। ঈশানের এই তাণ্ডবের দিনে ব্যাট হাতে সফল হয়েছেন অধিনায়ক সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়াও। জবাবে রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ড ২২৫ রানে অলআউট হলে ৪৬ রানে জয় পায় ভারত।
এই দাপুটে জয়ের সঙ্গেই বিশ্বকাপের প্রথম একাদশে বড় রদবদলের ইঙ্গিত মিলেছে। অফফর্মে থাকা সঞ্জু স্যামসনকে সরিয়ে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অভিষেক শর্মার সঙ্গে ঈশান কিষানকেই ওপেনিংয়ে নামানোর পথে টিম ইন্ডিয়া। কিউয়িদের বিরুদ্ধে ঈশান কিपिंग করায় সঞ্জুর বাদ পড়া এখন সময়ের অপেক্ষা। বোলিং বিভাগে অর্শদীপ সিং ৫ উইকেট নিয়ে নজর কাড়লেও বুমরাহর রান খরচ নিয়ে চিন্তায় রয়েছে ম্যানেজমেন্ট। তবে ২৩টি ছক্কা হাঁকিয়ে ভারতের এই জয় প্রতিপক্ষ দলগুলোর কাছে বড় হুঁশিয়ারি হিসেবেই দেখা হচ্ছে।

