লেটেস্ট নিউজ

সব ফন্দি ফিকির ব্যর্থ, আর নেই বাঁচার পথ ভারতে ফিরতেই হচ্ছে নীরব মোদিকে – এবেলা

এবেলা ডেস্কঃ

লন্ডন হাইকোর্টে বড় ধাক্কা খেলেন পলাতক হীরা ব্যবসায়ী নীরব মোদি। ভারতে প্রত্যর্পণ রুখতে শেষ মুহূর্তের আইনি চাল চাললেও তা খারিজ করে দিয়েছে আদালত। ফলে পিএনবি কেলেঙ্কারিতে অভিযুক্ত এই ব্যবসায়ীর সিবিআই হেফাজতে আসা এখন কেবল সময়ের অপেক্ষা।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকসহ একাধিক ব্যাংক জালিয়াতি করে বিদেশে পালিয়েছিলেন নীরব মোদি। সম্প্রতি তিনি লন্ডনের আদালতে দাবি করেন, ভারতে ফিরলে তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতে পারে। এই যুক্তিতে প্রত্যর্পণ মামলাটি পুনরায় খোলার আবেদন জানিয়েছিলেন তাঁর আইনজীবীরা। কিন্তু ভারতীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের জোরালো যুক্তির মুখে সেই আবেদন ধোপে টেকেনি। বিচারপতিদের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, নতুন করে শুনানির কোনো প্রয়োজন নেই।

২০১৯ সালে লন্ডনে গ্রেফতার হওয়ার পর থেকেই জেলবন্দি রয়েছেন নীরব। নিজেকে দেউলিয়া দাবি করা থেকে শুরু করে সম্পত্তি বাজেয়াপ্ত হওয়া আটকানো—সব চেষ্টাই একে একে ব্যর্থ হচ্ছে। একদিকে ইডি তাঁর নতুন সম্পত্তি বাজেয়াপ্ত করছে, অন্যদিকে ব্রিটিশ সরকারের সঙ্গে প্রত্যর্পণ নিয়ে চূড়ান্ত আলোচনা চালাচ্ছে ভারত সরকার। আইনি লড়াইয়ে কোণঠাসা নীরব মোদির দেশে ফেরা এখন কার্যত নিশ্চিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *