সমুদ্রে ভারতের দাপট বাড়াতে আসছে আইএনএস তারাগিরি – এবেলা
এবেলা ডেস্কঃ
প্রতিরক্ষা মন্ত্রীর উপস্থিতিতে আগামী ৩ এপ্রিল ভারতীয় নৌসেনার শক্তিবৃদ্ধি করতে যুক্ত হচ্ছে অত্যাধুনিক যুদ্ধজাহাজ আইএনএস তারাগিরি। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই স্টিলথ ফ্রিগেটটি শত্রুদেশের রাডারকে ফাঁকি দিতে সক্ষম। প্রজেক্ট ১৭এ-র আওতায় নির্মিত এই রণতরীটি মুম্বাইয়ের মাজাগন ডক শিপবিল্ডার্স লিমিটেডে তৈরি করা হয়েছে।
প্রায় ৬৬৭০ টন ওজনের এই বিশালাকায় জাহাজে রয়েছে সুপারসোনিক মিসাইল, উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম এবং সাবমেরিন বিধ্বংসী প্রযুক্তি। আত্মনির্ভর ভারতের এক অনন্য উদাহরণ হিসেবে এই জাহাজের ৭৫ শতাংশ সরঞ্জামই দেশীয় পদ্ধতিতে তৈরি। উল্লেখ্য যে, এই নতুন তারাগিরি মূলত ১৯৮০ থেকে ২০১৩ সাল পর্যন্ত দীর্ঘ ৩৩ বছর পরিষেবা দেওয়া পুরনো তারাগিরি রণতরীরই এক আধুনিক ও শক্তিশালী সংস্করণ। যুদ্ধের পাশাপাশি এটি সামুদ্রিক দুর্যোগ মোকাবিলা এবং মানবিক সহায়তার কাজেও বিশেষ ভূমিকা পালন করবে।

