লেটেস্ট নিউজ

সম্পর্ক বিচ্ছেদ আত্মহত্যায় প্ররোচনা নয়: গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিল্লি হাইকোর্টের – এবেলা

এবেলা ডেস্কঃ

প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়া মানেই প্রাক্তনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা যায় না। সম্প্রতি এক মামলার রায়ে এই তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ করেছে দিল্লি হাইকোর্ট। অভিযুক্ত যুবককে ২৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিয়ে আদালত জানায়, সরাসরি প্ররোচনা ছাড়া এমন অভিযোগ ভিত্তিহীন।

আদালত সূত্রে জানা যায়, প্রায় আট বছরের পুরনো সম্পর্ক শেষ হওয়ার পর অভিযুক্ত যুবক অন্যত্র বিয়ে করেন। বিয়ের পাঁচ দিন পর তাঁর প্রাক্তন প্রেমিকা আত্মহত্যা করলেও কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। উপরন্তু, ওই তরুণী জীবিত অবস্থায় যুবকের বিরুদ্ধে কখনও কোনও লিখিত অভিযোগ দায়ের করেননি।

বিচারপতির মতে, বর্তমান সময়ে সম্পর্ক ভেঙে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। বিচ্ছেদ এবং আত্মহত্যার মধ্যে যথেষ্ট সময়ের ব্যবধান থাকায় এবং কোনও প্রত্যক্ষ উস্কানির প্রমাণ না মেলায় ভারতীয় ন্যায় সংহিতার ১০৮ ধারার প্রয়োগ নিয়ে প্রশ্ন ওঠে। তরুণীর মানসিক অবস্থাও খতিয়ে দেখা প্রয়োজন বলে আদালত মন্তব্য করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *