লেটেস্ট নিউজ

সরকারি কর্মীদের লটারি! বেতন ও পেনশনে বাম্পার বৃদ্ধি, জানুন কারা লাভবান – এবেলা

এবেলা ডেস্কঃ

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড়সড় খুশির খবর নিয়ে এল মোদী সরকার। সাধারণ বিমা সংস্থা (PSGICs), নাবার্ড (NABARD) এবং ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)-এর কর্মীদের বেতন ও পেনশন একধাক্কায় অনেকটা বাড়ানোর প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশের হাজার হাজার কর্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখন থেকে মোটা অঙ্কের বেতন ঢুকবে।

বিমা কর্মীদের বেতন বৃদ্ধি

দেশের ছয়টি রাষ্ট্রায়ত্ত সাধারণ বিমা সংস্থা (NICL, NIACL, OICL, UIICL, GIC Re এবং AICIL)-এর কর্মীদের জন্য ১৪ শতাংশ মূল বেতন (Basic Pay) বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। এই নতুন বেতন কাঠামো ১ আগস্ট ২০২২ থেকে কার্যকর ধরা হবে। এর ফলে সরাসরি উপকৃত হবেন প্রায় ৪৩,২৪৭ জন কর্মী। পাশাপাশি, ফ্যামিলি পেনশন বা পারিবারিক পেনশনের হার বাড়িয়ে ৩০ শতাংশ করা হয়েছে।

নাবার্ড ও আরবিআই-তে খুশির হাওয়া

জাতীয় কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাঙ্ক বা নাবার্ড-এর গ্রুপ এ, বি এবং সি পর্যায়ের কর্মীদের জন্য ২০ শতাংশ বেতন বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়েছে। এই সুবিধা মিলবে ১ নভেম্বর ২০২২ থেকে। এতে লাভবান হবেন প্রায় ৩,৮০০ কর্মী। অন্যদিকে, রিজার্ভ ব্যাঙ্কের পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনভোগীদের পেনশনেও ১০ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১ নভেম্বর ২০২২ থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তের ফলে সুবিধা পাবেন প্রায় ৩০,৭৬৯ জন প্রবীণ নাগরিক।

সামগ্রিকভাবে, সরকারের এই মেগা ঘোষণায় খুশি ৪৬,০০০-এর বেশি চাকুরিজীবী এবং প্রায় ৪৬,৫০০ পেনশনার (সাধারণ ও পারিবারিক পেনশন মিলিয়ে)। বকেয়া পাওনা বা এরিয়ারসহ এই বর্ধিত বেতন ও পেনশন শীঘ্রই তাঁদের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *