লেটেস্ট নিউজ

সল্টলেকে ক্রেডিট কার্ডের প্রলোভনে প্রবীণের ৩ লক্ষ টাকা হাতিয়ে গ্রেপ্তার ১ – এবেলা

এবেলা ডেস্কঃ

সল্টলেকের ই-সি ব্লকের এক ৭০ বছর বয়সী প্রবীণ ক্রেডিট কার্ডের বিজ্ঞাপনী প্রলোভনে পা দিয়ে ৩ লক্ষ ১৬ হাজার টাকা খোয়ালেন। একটি বিজ্ঞাপনের সূত্র ধরে ক্রেডিট কার্ডের আবেদন করার পর প্রতারকদের জালে জড়িয়ে পড়েন তিনি। এই ঘটনায় সোমবার জলহাটির নাটাগড় থেকে সত্যজিৎ দাস নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে, প্রতারকরা প্রবীণকে হোয়াটসঅ্যাপে একটি ক্ষতিকর ‘.apk’ ফাইল পাঠায় এবং সেটি ডাউনলোড করতে বলে। ওই অ্যাপের মাধ্যমে ব্যক্তিগত তথ্য পরিবর্তনের অছিলায় তাঁর ক্রেডিট কার্ড থেকে চারটি দফায় বিপুল অর্থ হাতিয়ে নেওয়া হয়। টাকা উধাও হওয়ার বিষয়টি লক্ষ্য করতেই তিনি দ্রুত ব্যাংক এবং ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টালে অভিযোগ দায়ের করেন।

গত ৭ মার্চ বিধাননগর সাইবার ক্রাইম থানায় আনুষ্ঠানিক অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রবীণ নাগরিকদের ডিজিটাল লেনদেনে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *