সল্টলেকে ডাম্পারের ধাক্কায় অ্যাপ বাইক আরোহী তরুণীর মর্মান্তিক মৃত্যু – এবেলা
এবেলা ডেস্কঃ
বিধাননগরে ফের এক ভয়াবহ পথদুর্ঘটনায় প্রাণ হারালেন এক তরুণী। গত বৃহস্পতিবার রাতে সল্টলেকের নবদিগন্ত ফ্লাইওভার থেকে নামার সময় দ্রুতগতির একটি ডাম্পার পিছন থেকে অ্যাপ বাইকটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় বছর তিরিশের রিম্পা ধাড়া চাকার তলায় পিষ্ট হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। জখম হয়েছেন বাইক চালকও।
মৃত তরুণী হাওড়ার বি-গার্ডেনের বাসিন্দা এবং সেক্টর ফাইভের একটি হোটেলে কর্মরত ছিলেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে চিংড়িঘাটার কাছে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, ঘাতক ডাম্পারটি ধাক্কা মেরে দ্রুত পালিয়ে যায়। তবে সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় পুলিশ ঘাতক যানটিকে চিহ্নিত করতে সক্ষম হয়েছে।
এই ঘটনার ফলে গত আড়াই মাসে বিধাননগর কমিশনারেট এলাকায় পথদুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো এগারো। এর মধ্যে নিউটাউনেই প্রাণ হারিয়েছেন আটজন। পুলিশ ঘাতক ডাম্পারটি আটক করার প্রক্রিয়া শুরু করেছে এবং পলাতক চালকের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। ক্রমবর্ধমান এই দুর্ঘটনা রুখতে ট্রাফিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

