সিকিমে তুষারপাতে আটকা পড়লেন হাজার হাজার পর্যটক – এবেলা
এবেলা ডেস্কঃ
February 25, 202610:56 am
সিকিমের পাহাড়ে হাড়কাঁপানো ঠান্ডার মাঝে প্রকৃতির তাণ্ডব। মঙ্গলবার সোমগো লেকের কাছে শেরথাং এলাকায় আচমকা প্রবল তুষারপাতের কারণে আটকে পড়েন দেশ-বিদেশের প্রায় ২,৭৩৬ জন পর্যটক। বরফের স্তূপে বন্দি হয়ে পড়ে ৫৪১টি পর্যটকবাহী গাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎক্ষণাৎ আসরে নামে সিকিম প্রশাসন, পুলিশ এবং বিআরও-এর জওয়ানরা। প্রতিকূল আবহাওয়ার মধ্যেই স্থানীয় চালকদের সহায়তায় বিকেল নাগাদ সমস্ত পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে আনা সম্ভব হয়েছে। বড় কোনো বিপত্তি না ঘটলেও পর্যটন দপ্তরের পক্ষ থেকে এখন পাহাড়ে যাতায়াতের ক্ষেত্রে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। বিশেষ করে পিচ্ছিল রাস্তায় দুর্ঘটনা এড়াতে গাড়ির চাকায় ‘স্নো-চেইন’ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গের সান্দাকফুতে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন ছবি। মঙ্গলবার ভোর থেকেই সাদা চাদরে ঢেকে গিয়েছে সান্দাকফুর শৃঙ্গ। মরশুমের প্রথম এই তুষারপাত উপভোগ করতে ভিড় জমিয়েছেন পর্যটকরা। হিমালয়ান হসপিট্যালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের মতে, এই তুষারপাত পর্যটন শিল্পে নতুন জোয়ার আনবে। তবে আনন্দের পাশাপাশি পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।

