সিকিমে ভয়াবহ তুষারঝড়ের সতর্কতা: পর্যটকদের জন্য প্রশাসনের জরুরি নির্দেশিকা – এবেলা
এবেলা ডেস্কঃ
ডিফেন্স জিওইনফরমেটিক রিসার্চ এসটাবলিশমেন্টের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় সিকিমে ভয়াবহ তুষারঝড় আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে ছাঙ্গু ও নাথুলা সংলগ্ন এলাকাগুলোতে ক্ষয়ক্ষতির সম্ভাবনা সবচেয়ে বেশি। গত কয়েকদিনের টানা তুষারপাতে পূর্ব ও উত্তর সিকিম ইতিমধ্যেই বরফের চাদরে ঢাকা পড়েছে। এই পরিস্থিতিতে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও ভারতীয় সেনাকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
সিকিম প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। বর্তমানে যে পর্যটকরা যেখানে অবস্থান করছেন, তাঁদের সেখানেই থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনা এড়াতে উপদ্রুত এলাকায় সব ধরনের যান চলাচল নিষিদ্ধ করেছে সরকার। পর্যটকদের সুবিধার্থে প্রশাসন ও হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক পৃথক হেল্পলাইন নম্বর চালু করেছে। শিশুদের নিয়ে আসা পর্যটকদের আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে।
সিকিম আবহাওয়া দপ্তরের অধিকর্তা গোপীনাথ রাহা জানিয়েছেন, উদ্ভূত পরিস্থিতির ওপর ২৪ ঘণ্টা নজরদারি চালানো হচ্ছে। সিকিমে এই তুষারঝড়ের প্রভাবে উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে বরফ সরিয়ে যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে নিরন্তর কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো যৌথভাবে উদ্ধারকাজের প্রস্তুতি চূড়ান্ত করে রেখেছে।

