লেটেস্ট নিউজ

সিপিএমের অন্দরে তীব্র কোন্দল, মহম্মদ সেলিমের বিরুদ্ধে ক্ষোভ উগরে দল ছাড়ছেন তরুণ তুর্কিরা

পশ্চিমবঙ্গ সিপিএমের অভ্যন্তরীণ বিবাদ এখন চরমে। দলীয় সূত্রে খবর, রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের কার্যপদ্ধতি এবং তোষামোদকারীর রাজনীতির বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে রাজ্য কমিটির একাংশ বিদ্রোহ ঘোষণা করেছেন। এই পরিস্থিতির জেরে দল থেকে পদত্যাগ করেছেন তরুণ নেতা প্রতীক উর রহমান। তাঁর অভিযোগ, বর্তমান নেতৃত্ব গঠনতন্ত্র ও আদর্শ বিসর্জন দিয়ে ব্যক্তিগত আক্রমণ ও গালিগালাজের রাজনীতিকে প্রশ্রয় দিচ্ছে, যা সাধারণ মানুষের কাছে দলের গ্রহণযোগ্যতা কমিয়ে দিচ্ছে।

বিক্ষুব্ধ শিবিরের দাবি, সৃজন ভট্টাচার্য বা দীপ্সিতা ধরদের মতো নতুন প্রজন্মের নেতাদের গুরুত্ব না দিয়ে নির্দিষ্ট কিছু নেতা-নেত্রীকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে। বিশেষ করে মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে কুরুচিকর আক্রমণের সংস্কৃতিকে দায়ী করেছেন তাঁরা। ‘বাংলা বাঁচাও যাত্রা’ ব্যর্থ হওয়া এবং দলের অর্থ অপচয় নিয়ে প্রশ্ন তোলায় অনেককেই কোণঠাসা করা হচ্ছে বলে অভিযোগ। এই বিভাজন এখন সেলিম গোষ্ঠী বনাম তরুণ ব্রিগেডের লড়াইয়ে রূপ নিয়েছে।

রাজনৈতিক মহলের মতে, প্রতীক উর রহমানের দলত্যাগ কেবল শুরু মাত্র; তাঁর পথ অনুসরণ করে একঝাঁক নতুন মুখ সিপিএম ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। বর্ষীয়ান নেতাদের একাংশও সেলিমের ভূমিকায় অসন্তুষ্ট। নীতি-আদর্শের বদলে ব্যক্তিপূজা ও বিজেপির সুবিধা করে দেওয়ার মতো অভিযোগ আসায় আলিমুদ্দিনের অন্দরে এখন আড়াআড়ি ভাঙন স্পষ্ট। সৃজন-দীপ্সিতারা পরবর্তীকালে কী পদক্ষেপ নেন, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *