সিপিএমের রাজ্য কমিটির বৈঠকে ব্রাত্য প্রতীক উর, তুঙ্গে দলত্যাগের জল্পনা
সিপিএমের ‘বিক্ষুব্ধ’ যুবনেতা প্রতীক উর রহমানের সঙ্গে দলের দূরত্ব আরও বাড়ল। বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা দু’দিনের রাজ্য কমিটির বৈঠকে প্রতীককে আমন্ত্রণ না জানানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আলিমুদ্দিন। দলের অন্দরের খবর অনুযায়ী, আপাতত এই তরুণ নেতার কোর্টেই বল ঠেলে দিয়েছে সিপিএম নেতৃত্ব। তিনি নিজে থেকে বৈঠকে উপস্থিত হন কি না বা পরবর্তী কী পদক্ষেপ নেন, তার ওপর ভিত্তি করেই দল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রতীক উর রহমানের দলীয় পদ থেকে অব্যাহতি চাওয়ার একটি চিঠি ভাইরাল হয়। যদিও সিপিএমের শীর্ষ নেতৃত্ব এই বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে নারাজ ছিলেন, তবে রাজ্য কমিটির বৈঠকে তাঁকে আমন্ত্রণ না জানানো সেই জল্পনাকেই আরও উসকে দিল। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, এর মাধ্যমে আলিমুদ্দিন পরোক্ষে তাঁর ইস্তফাপত্র গ্রহণের পথেই হাঁটছে।
এদিকে প্রতীকের তৃণমূলে যোগ দেওয়া এবং আসন্ন বিধানসভা নির্বাচনে জোড়াফুল শিবিরের প্রার্থী হওয়া নিয়ে রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে। যদিও তৃণমূল বা প্রতীক— কোনো পক্ষই এখনও পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। রাজ্য কমিটির বৈঠকে এই অনুপস্থিতি প্রতীকের রাজনৈতিক ভবিষ্যৎ এবং সিপিএমের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্কের ইতি ঘটার ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করা হচ্ছে।

