সিপিএমের সাথে সংঘাত চরমে, দলত্যাগের পথে প্রতীক-উর রহমান
রাজ্য সিপিএমের অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে এনে দলের সমস্ত পদ থেকে অব্যাহতি চেয়েছেন প্রাক্তন ছাত্রনেতা প্রতীক-উর রহমান। রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে পাঠানো তাঁর চিঠিতে ক্ষোভ উগরে দিয়ে প্রতীক জানিয়েছেন, দলে বর্তমানে ‘সেলিব্রিটি কালচার’ এবং নির্দিষ্ট কিছু ব্যক্তির আধিপত্য চলছে। তাঁর অভিযোগ, দলের গোপনীয়তা রক্ষা হচ্ছে না এবং যোগ্য নেতাদের পরিবর্তে টিভিতে মুখ দেখানো ব্যক্তিদের প্রাধান্য দেওয়া হচ্ছে। বিমান বসুর সাথে কথা হলেও রাজ্য সম্পাদকের নিরবতা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন।
প্রতীক-উরের দাবি, লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে প্রার্থী হওয়ার পর থেকেই তাঁকে রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক ও কোণঠাসা করার চেষ্টা শুরু হয়েছে। সংখ্যালঘু রাজনীতির কণ্ঠস্বর হওয়াটাই তাঁর জন্য কাল হয়েছে বলে তিনি মনে করেন। ব্যক্তিগত আক্রমণ ও চারিত্রিক হননের চেষ্টার অভিযোগ তুলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, যারা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের “রাতের ঘুম হারাম” করে দেবেন। দলের এই আচরণকে তিনি ‘তিন তালাক’-এর সাথে তুলনা করেছেন।
সিপিএমের সাথে বর্তমান সম্পর্ককে ‘বিচ্ছেদ’ হিসেবে দেখলেও রাজনীতি ছাড়তে নারাজ এই তরুণ নেতা। তৃণমূল বা অন্য কোনো দলে যোগদানের সম্ভাবনা সরাসরি নাকচ না করলেও, বর্তমানে তিনি রাজনৈতিক জীবনের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন বলে জানিয়েছেন। নেতৃত্বের প্রতি ‘প্রশ্নহীন আনুগত্য’ দেখাবেন না বলে সাফ জানিয়ে প্রতীক এখন আলিমুদ্দিনের পরবর্তী পদক্ষেপের অপেক্ষায়। নিজের রাজনৈতিক অস্তিত্ব রক্ষায় তিনি যেকোনো বাঁক নিতে প্রস্তুত।

