সুকান্ত মজুমদারকে আইনি নোটিস প্রাক্তন ডিজি রাজীব কুমারের, সাত দিনের মধ্যে ক্ষমা চাওয়ার হুঁশিয়ারি
রাজ্যের প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজি) রাজীব কুমারের পক্ষ থেকে বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে আইনি নোটিস পাঠানো হয়েছে। সম্প্রতি একটি ভিডিওর মাধ্যমে রাজীব কুমারের বিরুদ্ধে মানহানিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজীব কুমারের আইনজীবী নন্দিনী চট্টোপাধ্যায়ের দাবি, ওই ভিডিওতে তোলা ভিত্তিহীন অভিযোগের ফলে তাঁর মক্কেলের দীর্ঘ কর্মজীবনের অর্জিত সততা ও পেশাদার ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
আইনি নোটিসে স্পষ্ট জানানো হয়েছে যে, সংশ্লিষ্ট ভিডিওতে রাজীব কুমারকে নিয়ে করা কুরুচিপূর্ণ মন্তব্যগুলো অবিলম্বে সমস্ত সামাজিক মাধ্যম থেকে সরিয়ে নিতে হবে। পাশাপাশি, আগামী সাত দিনের মধ্যে সুকান্ত মজুমদারকে এই ঘটনার জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না করা হলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি উভয় ধারায় মামলা দায়ের করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
গত ৩১ জানুয়ারি রাজীব কুমারের অবসর গ্রহণের পর সুকান্ত মজুমদার তাঁর সমালোচনা করে একটি ভিডিও পোস্ট করেছিলেন। সেখানে দুর্নীতির অভিযোগ তুলে কটাক্ষ করায় এই আইনি সংঘাতের সূত্রপাত। নোটিসে উল্লেখ করা হয়েছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজীব কুমারের ব্যক্তিগত ও পেশাগত সম্মান নষ্ট করার লক্ষ্যেই এই ধরনের অপপ্রচার চালানো হয়েছে। এখন দেখার, এই আইনি নোটিসের প্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার কী প্রতিক্রিয়া জানান।

