সুদের হার অপরিবর্তিত রাখল ইউএস ফেড রিজ়ার্ভ, কেন্দ্রীয় ব্যাঙ্কের স্বাধীনতার পক্ষে সওয়াল পাওয়েলের – এবেলা
এবেলা ডেস্কঃ
ওয়াশিংটন: মার্কিন মুলুকে আপাতত সুদের হার কমছে না। বুধবার ইউএস ফেডারেল রিজার্ভ জানিয়ে দিয়েছে, বেঞ্চমার্ক সুদের হার ৩.৫ শতাংশ থেকে ৩.৭৫ শতাংশের মধ্যেই অপরিবর্তিত থাকছে। গত বছর জুলাইয়ের পর এই প্রথম সুদের হারে কোনও পরিবর্তন করল না ফেড। তবে মুদ্রানীতির চেয়েও এদিন বেশি নজর কেড়েছে ফেড চেয়ার জেরোম পাওয়েলের কেন্দ্রীয় ব্যাঙ্কের ‘স্বাধীনতা’ রক্ষার সওয়াল।
পাল্টা চাপে পাওয়েল
দীর্ঘদিন ধরেই দ্রুত সুদ কমানোর জন্য পাওয়েলের ওপর চাপ সৃষ্টি করে আসছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি ফেড ভবনের সংস্কার সংক্রান্ত একটি বিষয়ে পাওয়েলের বিরুদ্ধে ফেডারেল তদন্তও শুরু হয়েছে। এদিন সেই তদন্ত নিয়ে মুখ না খুললেও পাওয়েল স্পষ্ট জানান, কেন্দ্রীয় ব্যাঙ্ক যদি তার স্বাধীনতা হারায়, তবে প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা ফেরানো আসাম্ভব হয়ে পড়ে।
রাজনীতি ও অর্থনীতি আলাদা রাখার বার্তা
পাওয়েলের মতে, মুদ্রানীতি বা মানিটারি পলিসি যেন কখনওই রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়। তিনি বলেন, “নির্বাচিত রাজনীতিবিদদের সরাসরি নিয়ন্ত্রণ ছাড়া কেন্দ্রীয় ব্যাঙ্ক যেভাবে কাজ করে, সেটাই সাধারণ মানুষের জন্য সবচেয়ে উপকারি।” ফেডের স্বকীয়তা বজায় রাখতে তিনি যে বদ্ধপরিকর, তা এদিন তাঁর বক্তব্যে পরিষ্কার ছিল।
মুদ্রাস্ফীতি ও শুল্ক পরিস্থিতি
আমেরিকার বর্তমান অর্থনৈতিক গতিপ্রকৃতি নিয়ে ফেড সন্তোষ প্রকাশ করেছে। পাওয়েল জানিয়েছেন, মুদ্রাস্ফীতি ও কর্মসংস্থান নিয়ে আগের চেয়ে দুশ্চিন্তা অনেক কমেছে। আমদানি পণ্যের ওপর চড়া শুল্কের কারণে দ্রব্যমূল্য কিছুটা বাড়লেও, তা দীর্ঘমেয়াদে খুব একটা প্রভাব ফেলবে না বলেই তাঁর বিশ্বাস। চলতি বছরের মাঝামাঝি শুল্কজনিত মুদ্রাস্ফীতি সর্বোচ্চ স্তরে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

