লেটেস্ট নিউজ

সৌরভের বায়োপিক: শুটিংয়ের প্রস্তুতিতে মার্চেই তিলোত্তমায় রাজকুমার রাও

ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক ‘প্রিন্স অফ ক্যালকাটা’-র শুটিংয়ের জন্য আগামী মার্চ মাসেই কলকাতায় আসছেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। ইতিপূর্বে পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে কলকাতার ইডেন গার্ডেন্স, ময়দান এবং বেহালার বীরেন রায় রোডের বাড়ি-সহ বিভিন্ন সম্ভাব্য শুটিং লোকেশন রেইকি করে গিয়েছেন। কলকাতা ছাড়াও মুম্বই এবং লন্ডনের বিভিন্ন অংশে এই ছবির দৃশ্যধারণের জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছে।

চরিত্রের প্রয়োজনে নিজেকে ভেঙে গড়তে সিদ্ধহস্ত রাজকুমার ইতিমধ্যেই ওজন ঝরিয়ে প্রস্তুতি শুরু করেছেন। মূলত ডানহাতি ব্যাটার হলেও পর্দায় ‘মহারাজ’-এর সাবলীল বাঁ-হাতি ব্যাটিং ফুটিয়ে তুলতে বিশেষ প্রশিক্ষণ নিচ্ছেন অভিনেতা। পাশাপাশি, ছবির প্রয়োজনে বাংলা ভাষাও রপ্ত করেছেন তিনি। এর আগে উজ্জল নিকমের বায়োপিকের ব্যস্ততার কারণে শুটিংয়ের সময় কিছুটা পিছিয়ে গেলেও, এবার পুরোদমে মাঠে নামতে প্রস্তুত গোটা টিম।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বর্ণময় ক্রিকেট কেরিয়ার এবং ব্যক্তিগত জীবনকে সেলুলয়েডে নিখুঁতভাবে তুলে ধরাই নির্মাতাদের প্রধান লক্ষ্য। রাজকুমার রাও জানিয়েছেন, দাদার মতো এক আইকনিক ব্যক্তিত্বের চরিত্রে অভিনয় করা অত্যন্ত বড় দায়িত্বের কাজ, তাই প্রস্তুতির ক্ষেত্রে কোনো খামতি রাখা হচ্ছে না। ইডেন গার্ডেন্সের ঐতিহাসিক প্রেক্ষাপটে রাজকুমারের ব্যাটে সৌরভের সিগনেচার শট দেখার অপেক্ষায় এখন প্রহর গুনছেন ক্রিকেট ও সিনেমা প্রেমীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *