সৌরভ গঙ্গোপাধ্যায়ের ১২৫ কোটির ডিল আর ৭০০ কোটির সম্পত্তি নিয়ে তোলপাড় নেটদুনিয়া – এবেলা
এবেলা ডেস্কঃ
মাঠের দাদাগিরি হোক কিংবা পর্দার সঞ্চালনা, সৌরভ গঙ্গোপাধ্যায় মানেই এক অনন্য আকর্ষণ। এবার সেপ্টেম্বর মাস থেকে স্টার জলসার পর্দায় শুরু হতে চলেছে ‘বিগ বস বাংলা’, আর এই শো-এর হাত ধরেই মহারাজের পারিশ্রমিক ও বিপুল সম্পত্তি নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে অনুগামীদের মধ্যে।
বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, স্টার জলসার সঙ্গে দুটি রিয়েলিটি শো-র জন্য চার বছরে প্রায় ১২৫ কোটি টাকার চুক্তি হয়েছে সৌরভের। ক্রিকেট ক্যারিয়ার থেকে শুরু করে আইপিএল, ব্র্যান্ড এনডোর্সমেন্ট এবং রিয়েল এস্টেটে বিনিয়োগ মিলিয়ে বর্তমানে তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৭০০ কোটি টাকার কাছাকাছি। বিসিসিআই সভাপতি হিসেবে দায়িত্ব পালনের সময় বছরে তাঁর আয় ছিল প্রায় ৫ কোটি টাকা। এছাড়া বর্তমানে বিভিন্ন নামী ব্র্যান্ডের মুখ হিসেবে বিজ্ঞাপন পিছু তিনি ১ থেকে ২ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন।
কলকাতায় তাঁর বর্তমান বাসভবনের আনুমানিক বাজারমূল্য ৭ কোটি টাকা হওয়ার পাশাপাশি লন্ডনেও রয়েছে একটি বিলাসবহুল আবাসন। সঞ্চালনার আঙিনায় ‘দাদাগিরি’র বিপুল সাফল্যের পর এবার ‘বিগ বস বাংলা’র সঞ্চালক হিসেবে নতুন ইনিংস শুরু করতে চলেছেন তিনি। এই নতুন চ্যালেঞ্জ নিয়ে সৌরভ জানান, তিনি সবসময় নতুন কিছু করার চেষ্টা করেন এবং এই শো-টি নিয়েও তিনি যথেষ্ট আশাবাদী। হিন্দি বিগ বসে সালমান খানকে দেখলেও নিজের স্টাইলে এই শো-কে অন্য উচ্চতায় নিয়ে যেতে আত্মবিশ্বাসী মহারাজ। এখন প্রিয় দাদাকে বিগ বসের মঞ্চে দেখার অপেক্ষায় দিন গুনছেন বাংলার দর্শকরা।

