লেটেস্ট নিউজ

স্কুলের শৌচালয়ে ঘাপটি মেরে ছিল চিতা বাঘ, দেওয়াল ফুটো করে ঘুমপাড়ানি গুলিতে কাবু করল বন দপ্তর – এবেলা

এবেলা ডেস্কঃ

গাজিয়াবাদ: বুধবার রাতে গাজিয়াবাদের গ্রিনফিল্ড স্কুলে এক রুদ্ধশ্বাস অভিযানের সাক্ষী থাকল সাধারণ মানুষ। স্কুলের শৌচালয়ে লুকিয়ে থাকা একটি পূর্ণবয়স্ক চিতাবাঘকে দীর্ঘ তিন ঘণ্টার চেষ্টায় উদ্ধার করল বন দপ্তর।ঘটনার সূত্রপাত বুধবার সকালে। স্কুলের এক নিরাপত্তারক্ষী প্রথম চিতা বাঘটিকে চত্বরের ভেতর ঘোরাফেরা করতে দেখেন।

মুহূর্তের মধ্যে খবর দেওয়া হয় স্কুল কর্তৃপক্ষ ও বন দপ্তরকে। পুলিশ ও বনকর্মীরা দ্রুত পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলেন এবং শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ক্লাস বন্ধ রাখা হয়।প্রাথমিকভাবে চিতা বাঘটির অবস্থান বোঝা না গেলেও ড্রোন ক্যামেরার সাহায্যে তল্লাশি চালিয়ে দেখা যায়, সেটি ছেলেদের শৌচালয়ের ভেতরে লুকিয়ে আছে।

বনকর্মীরা তৎক্ষণাৎ শৌচালয়ের দরজা বাইরে থেকে বন্ধ করে দেন। এরপর জানলার ফাঁক দিয়ে ঘুমপাড়ানি গুলি ছোড়ার চেষ্টা করা হলেও সঠিক লক্ষ্যভেদ করা সম্ভব হচ্ছিল না। বাধ্য হয়ে শৌচালয়ের দেওয়ালে গর্ত করা হয় এবং সেই ছিদ্র দিয়েই নিখুঁত নিশানায় ঘুমপাড়ানি গুলি ছুড়ে চিতা বাঘটিকে অচেতন করা হয়।বন দপ্তর সূত্রে খবর, ৭৫ কেজি ওজনের এই পুরুষ চিতা বাঘটি বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছে। ধারণা করা হচ্ছে, নিকটবর্তী সাহারানপুরের জঙ্গল থেকেই এটি লোকালয়ে ঢুকে পড়েছিল। প্রাথমিক চিকিৎসা ও পর্যবেক্ষণের পর সেটিকে পুনরায় সাহারানপুরের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বন আধিকারিক ঈশা তেওয়ারি। এই রুদ্ধশ্বাস অভিযানের ভিডিও বর্তমানে সমাজমাধ্যমে ব্যাপক ভাইরাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *