স্ত্রীর কাছে পরকীয়া স্বীকার, সেলিম খানের ব্যক্তিজীবনের অজানা অধ্যায়
বলিউডের প্রখ্যাত চিত্রনাট্যকার সেলিম খান ও অভিনেত্রী হেলেনের প্রেমকাহিনি রুপোলি পর্দার গল্পকেও হার মানায়। স্ত্রী সালমা খান ও চার সন্তান নিয়ে সুখের সংসার থাকা সত্ত্বেও সহ-অভিনেত্রী হেলেনের প্রেমে পড়েছিলেন সেলিম। সত্তরের দশকে যখন হেলেনের ক্যারিয়ার নিম্নমুখী, তখন পাশে দাঁড়িয়েছিলেন তিনি। পেশাগত পরিচয় থেকে শুরু হওয়া এই সম্পর্ক দ্রুত গভীর বন্ধুত্ব ও পরবর্তীতে প্রেমে রূপ নেয়। তবে এই পরকীয়া নিয়ে হেলেন সর্বদা অপরাধবোধে ভুগতেন।
লুকিয়ে প্রেম করাকে সঙ্গিনীর প্রতি আসাম্মানজনক মনে করে সেলিম খান নিজেই স্ত্রীর কাছে সব সত্য স্বীকার করেন। এই সিদ্ধান্তে পরিবারে সাময়িক অশান্তি তৈরি হলেও তিনি নিজের অবস্থানে অনড় ছিলেন। সন্তানদের স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, তারা হেলেনকে মায়ের মর্যাদা দিতে না পারলেও যেন আসাম্মান না করে। বাবার এমন অকপট স্বীকারোক্তি ও দ্বিতীয় বিয়ের সিদ্ধান্তে তৎকালীন সময়ে চাঞ্চল্য তৈরি হয়েছিল বলিপাড়ায়।
আশির দশকে হেলেনকে বিয়ে করার পর শুরুতে সালমা ও তাঁর সন্তানরা দূরত্ব বজায় রাখতেন। সলমন, সোহেল ও আরবাজ খানরা বাবার এই সম্পর্ক সহজে মেনে নিতে পারেননি। তবে সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত তিক্ততা দূর হয়েছে। বর্তমানে দুই স্ত্রী ও সন্তানদের নিয়ে একই ছাদের নিচে সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান বজায় রেখেছেন সেলিম খান। ব্যক্তিগত জীবনের এই জটিল সমীকরণকে তিনি অত্যন্ত পরিপক্কতার সঙ্গে সামলেছেন।

