লেটেস্ট নিউজ

স্ত্রীর ব্যাভিচার প্রমাণে সন্তানের ডিএনএ টেস্টের দাবি খারিজ অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের – এবেলা

এবেলা ডেস্কঃ

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক প্রমাণের উদ্দেশ্যে সন্তানের ডিএনএ পরীক্ষার আবেদন খারিজ করে দিয়েছে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট। বিবাহবিচ্ছেদের মামলা চলাকালীন এক ব্যক্তির করা এই সংক্রান্ত আবেদন নাকচ করে আদালত স্পষ্ট জানায়, স্ত্রীর বিশ্বাসভঙ্গ বা ব্যাভিচার প্রমাণের হাতিয়ার হিসেবে সন্তানদের ব্যবহার করা আইনত সংগত নয়। বিশেষত, যেখানে সন্তানরা মামলার পক্ষ নয় বা কোনো ভরণপোষণ দাবি করেনি।

বিচারপতি টি আর রাও মামলার পর্যবেক্ষণে জানান, এ ধরনের পরীক্ষা শিশুর সামাজিক মর্যাদা ও সুনামের অপূরণীয় ক্ষতি করতে পারে। আদালত আরও উল্লেখ করে যে, মূল বিবাহবিচ্ছেদের আবেদনটি ছিল ‘পরিত্যাগের’ ভিত্তিতে, কিন্তু ডিএনএ টেস্টের দাবি জানানো হয়েছে ‘ব্যাভিচারের’ অভিযোগে, যা আইনিভাবে অসংগতিপূর্ণ। ব্যাভিচার প্রমাণের জন্য স্বামীকে অন্য কোনো গ্রহণযোগ্য তথ্যপ্রমাণ পেশ করার পরামর্শ দেওয়া হয়েছে।

আদালতের সময় নষ্ট ও অপ্রাসঙ্গিক আবেদনের কারণে আবেদনকারী স্বামীকে ৩০০০ টাকা জরিমানা করেছেন বিচারপতি। আগামী তিন সপ্তাহের মধ্যে এই অর্থ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, অন্যথায় কড়া আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে আদালত। আদালতের এই রায় শিশুদের অধিকার ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *