স্থির হচ্ছে সেলিম খানের শারীরিক অবস্থা, নেই অস্ত্রোপচারের প্রয়োজন
বলিউডের কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খানের শারীরিক অবস্থার উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। গত মঙ্গলবার সকালে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তাকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সেলিম খানের মস্তিষ্কে সামান্য ‘ব্রেন হেমারেজ’ ধরা পড়লেও কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। তবে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এবং বয়সজনিত ঝুঁকির কথা মাথায় রেখে তাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। আজ সকালে তার ওপর ‘ডিএসএ’ নামক একটি বিশেষ চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন করেছেন চিকিৎসকরা।
চিকিৎসক জলিল পারকার জানিয়েছেন, পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে এবং আগামীকাল তাকে ভেন্টিলেশন থেকে বের করা হতে পারে। এদিকে প্রিয় ব্যক্তিত্বের দ্রুত আরোগ্য কামনায় হাসপাতালে ভিড় করেছেন সলমন খানসহ পরিবারের সদস্যরা। পরিবারের পক্ষ থেকে বর্তমানে গোপনীয়তা বজায় রেখে শান্ত পরিবেশে চিকিৎসার অনুরোধ জানানো হয়েছে।

