স্পিকারকে অপমানের বদলা নিতে রাহুল গান্ধীকে খুনের হুমকি, রাজস্থানে গ্রেফতার ১
লোকসভার স্পিকার ওম বিড়লাকে অপমানের ‘প্রতিশোধ’ নিতে বিরোধী দলনেতা রাহুল গান্ধীসহ ১৫ জন সাংসদকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে রাজস্থানের কোটা থেকে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম রাজ সিং, যিনি নিজেকে একটি কট্টরপন্থী সংগঠনের নেতা হিসেবে পরিচয় দিয়েছেন। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাঁকে সরাসরি রাহুল গান্ধীকে লক্ষ্য করে কুরুচিকর মন্তব্য ও প্রাণনাশের হুমকি দিতে দেখা গেছে।
পুলিশ জানিয়েছে, ওই যুবক ভিডিওতে দাবি করেন যে বাজেট অধিবেশন চলাকালীন রাহুল গান্ধীর নির্দেশেই স্পিকারকে অপমান করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত সাংসদদের গ্রেফতার না করা হলে তাঁদের বাড়িতে ঢুকে গুলি করার হুমকিও দেন তিনি। ভিডিওটি ভাইরাল হতেই তৎপর হয় কোটা পুলিশ। পুলিশ সুপার তেজস্বিনী গৌতম জানিয়েছেন, খুনের হুমকির দায়ে রাজ সিংকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
এই বিতর্কের সূত্রপাত গত ১০ ফেব্রুয়ারি, যখন কংগ্রেসসহ বিরোধী দলগুলো স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে ‘পক্ষপাতমূলক’ আচরণের অভিযোগ তুলে লোকসভায় অনাস্থা প্রস্তাব জমা দেয়। মোট ১১৮ জন সাংসদ এই প্রস্তাবে স্বাক্ষর করেছিলেন। বিরোধীদের অভিযোগ ছিল, সদনে তাঁদের পর্যাপ্ত কথা বলতে দেওয়া হচ্ছে না। এই রাজনৈতিক সংঘাতের আবহেই রাহুল গান্ধীকে লক্ষ্য করে এই হিংসাত্মক হুমকির ঘটনাটি ঘটল।

