স্মার্টফোনে আধার অ্যাপ প্রি-ইনস্টল করার সরকারি প্রস্তাবে তীব্র বিতর্ক – এবেলা
এবেলা ডেস্কঃ
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে স্মার্টফোন নির্মাতা সংস্থাগুলোকে আধার অ্যাপ প্রি-ইনস্টল করার প্রস্তাব ঘিরে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গত জানুয়ারি মাসে ইউআইডিএআই (UIDAI) গোপনে এই প্রস্তাবটি দিয়েছিল। ইতিপূর্বে ‘সঞ্চার সাথী’ অ্যাপ নিয়েও একই ধরনের বিতর্ক তৈরি হয়েছিল। সমালোচকদের মতে, এই পদক্ষেপের মাধ্যমে নাগরিকদের ওপর নজরদারি বাড়ানোর চেষ্টা করছে সরকার। তবে কেন্দ্রের দাবি, এটি বাধ্যতামূলক কোনো নির্দেশ নয়, বরং ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখে একটি সাধারণ প্রস্তাব মাত্র।
এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে অ্যাপল ও স্যামসাংয়ের মতো শীর্ষস্থানীয় প্রযুক্তি সংস্থাগুলো। ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ফর ইনফরমেশন টেকনোলজি (MAIT) জানিয়েছে, আধার অ্যাপ প্রি-ইনস্টল করতে হলে ভারতের বাজারের জন্য আলাদাভাবে মোবাইল তৈরি করতে হবে, যা অত্যন্ত জটিল প্রক্রিয়া। এ ছাড়া, এর ফলে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাগুলো। ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশনের মতে, এ ধরনের নির্দেশ স্মার্টফোন ব্যবহারের ওপর সরকারি নিয়ন্ত্রণ বাড়ানোর একটি প্রচেষ্টা।
আধার অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা ব্যক্তিগত তথ্য আপডেট এবং পরিবারের সদস্যদের অ্যাকাউন্ট পরিচালনা করতে পারেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিজিটাল পরিষেবা সহজলভ্য করতেই এই অ্যাপসহ মোট ছয়টি অ্যাপ প্রি-ইনস্টল করার কথা ভাবা হয়েছিল। তালিকার মধ্যে দুর্যোগ মোকাবিলা সংক্রান্ত ‘স্যাচেট’ অ্যাপটিও রয়েছে। গত ১০ মার্চ এমএআইটি সরকারের কাছে এই নির্দেশের বিরোধিতা করে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে। আপাতত এই ইস্যুতে সরকার ও প্রযুক্তি সংস্থাগুলোর মধ্যে টানাপোড়েন অব্যাহত রয়েছে।

