লেটেস্ট নিউজ

হরমুজ প্রণালীতে তেল সরবরাহ নিশ্চিত করতে রণতরী পাঠানোর পথে ভারত – এবেলা

এবেলা ডেস্কঃ

মধ্যপ্রাচ্যে ইরান ও আমেরিকার ক্রমবর্ধমান উত্তেজনার জেরে রণক্ষেত্র হয়ে উঠেছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। তেহরানের হুঁশিয়ারির মুখে এই পথে জ্বালানি সরবরাহ কার্যত স্তব্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে তেলের সংকট দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সেখানে আটকে পড়া ভারতীয় তেলবাহী জাহাজগুলোকে নিরাপদে উদ্ধার করতে ভারতীয় নৌসেনার রণতরী পাঠানোর পরিকল্পনা করছে কেন্দ্র।

নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী, ভারতীয় জাহাজ মালিকদের আবেদনের প্রেক্ষিতেই এই বিশেষ পদক্ষেপের কথা ভাবা হচ্ছে। যদিও সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ইরান প্রশাসনের সঙ্গে দফায় দফায় আলোচনা চালাচ্ছে নয়াদিল্লি। ক্যাপ্টেন পি.সি. মিনাকে উদ্ধৃত করে জানানো হয়েছে যে, আটকে থাকা জাহাজগুলোকে সুরক্ষা দিয়ে বের করে আনাই এখন মূল লক্ষ্য।

বিপজ্জনক এই জলপথে যে কোনো মুহূর্তে হামলার আশঙ্কা থাকায় কোনো সংস্থাই ঝুঁকি নিতে চাইছে না। ফলে হরমুজ প্রণালীর দুই পাশে অসংখ্য ভারতীয় জাহাজ ভিড় করে আছে, যা দেশের অভ্যন্তরীণ জ্বালানি মজুতে টান ফেলছে। ভারতের এই সম্ভাব্য সামরিক তৎপরতা মূলত জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক বাণিজ্যে স্থবিরতা কাটানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *