হরমুজ প্রণালী অতীত! এবার ভারত এই দেশ থেকে আনছে লক্ষ লক্ষ ব্যারেল তেল – এবেলা
এবেলা ডেস্কঃ
মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে তেলের বাজারে বড়সড় পালাবদল ঘটাল ভারত। হরমুজ প্রণালী বা উপসাগরীয় দেশগুলোর ওপর একাধিপত্য কমিয়ে এবার বিকল্প পথে জ্বালানি সংগ্রহের পথে হাঁটল দিল্লি। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান পেট্রোলিয়াম (HPCL) সরাসরি অ্যাঙ্গোলা থেকে ২০ লক্ষ ব্যারেল তেল আমদানির চুক্তি সেরে ফেলেছে।
কেন এই কৌশলগত বদল?
মধ্যপ্রাচ্যের তেলের আকাশছোঁয়া দাম এবং সরবরাহ নিয়ে অনিশ্চয়তার কারণে ভারতীয় শোধনাগারগুলো এখন পশ্চিম আফ্রিকা ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দিকে ঝুঁকছে। আগে আমদানির প্রায় ৪৫ শতাংশ আসত মধ্যপ্রাচ্য থেকে, কিন্তু আমেরিকা ও ইরানের সংঘাত ভারতের জ্বালানি নিরাপত্তায় বড় ঝুঁকি তৈরি করেছে। বিশেষ করে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার উপক্রম হওয়ায় এলপিজি সরবরাহ নিয়ে যে সংকট দেখা দিয়েছিল, তা মোকাবিলা করতেই এই সাহসী পদক্ষেপ।
বিকল্প বাজারে ভারতের দৌড়
শুধুমাত্র এইচপিসিএল নয়, ভারতের বৃহত্তম তেল শোধনাগার সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনও (IOC) এখন পশ্চিম আফ্রিকা থেকে অপরিশোধিত তেল সংগ্রহের চেষ্টা চালাচ্ছে। রাজস্থানের বারমের শোধনাগারের জন্য ইতিমধ্যেই বড় অঙ্কের তেল কেনা হয়েছে। তেলের বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ২০০৮ সালের রেকর্ড স্পর্শ করায় এশীয় দেশগুলো এখন মধ্যপ্রাচ্যের বদলে নতুন ও সাশ্রয়ী জ্বালানি উৎসের সন্ধানে মরিয়া।

