লেটেস্ট নিউজ

হরমুজ প্রণালী সচল রাখতে একজোট ইউরোপ ও জাপান: ইরানের পদক্ষেপের কড়া নিন্দা – এবেলা

এবেলা ডেস্কঃ

হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিশ্বজুড়ে জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে একজোট হয়েছে ইউরোপের দেশগুলো। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও ইতালির পাশাপাশি এই যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছে জাপানও। পারস্য উপসাগরে নিরস্ত্র পণ্যবাহী জাহাজের ওপর ইরানের সাম্প্রতিক হামলা এবং তেল-গ্যাস পরিকাঠামোয় আঘাত হানার তীব্র নিন্দা জানিয়েছে এই জোট। উদ্ভূত পরিস্থিতিতে আন্তর্জাতিক জলসীমায় নৌচলাচলের স্বাধীনতা বজায় রাখার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

বিবৃতিতে পশ্চিম এশিয়ার চলমান অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বন্ধের আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে জলপথে মাইন পুঁতে রাখা বা পণ্যবাহী চলাচলে বাধা সৃষ্টি করার মতো কর্মকাণ্ড থেকে ইরানকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। জোটের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, জাহাজ চলাচলের স্বাধীনতা একটি মৌলিক আন্তর্জাতিক আইন এবং এর ব্যত্যয় ঘটলে বিশ্ব অর্থনীতি ও সাধারণ মানুষের ওপর নেতিবাচক প্রভাব পড়বে।

জ্বালানি সংকট মোকাবিলায় হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত বলে জানিয়েছে দেশগুলো। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ এই রুটটি সৌদি আরব, কুয়েত ও ইরাকের মতো তেল সমৃদ্ধ দেশগুলোর প্রধান রপ্তানি পথ। ইরান এই পথ অবরোধের হুঁশিয়ারি দিলেও, আমেরিকা ও তার মিত্র দেশগুলো নৌবাহিনীর মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এই সম্মিলিত প্রচেষ্টায় আগ্রহী অন্যান্য রাষ্ট্রগুলোকেও স্বাগত জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *