হরিয়ানায় রাজ্যসভা নির্বাচনে রুদ্ধশ্বাস জয় কংগ্রেসের, ক্রস ভোটিং নিয়ে তুঙ্গে রাজনৈতিক পারদ – এবেলা
এবেলা ডেস্কঃ
হরিয়ানার রাজ্যসভা নির্বাচনে নাটকীয় মোড় পার করে অবশেষে জয়ী হলেন বিজেপির সঞ্জয় ভাটিয়া ও কংগ্রেসের করমবীর সিং বৌধ। ৯০ সদস্যের বিধানসভায় সোমবার এই ভোটাভুটি ঘিরে দিনভর উত্তেজনা ছিল চরমে। মঙ্গলবার সকালে ফলাফল ঘোষণার পর দেখা যায়, বিজেপির সঞ্জয় ভাটিয়া প্রথম পছন্দের ৩৯টি ভোট পেয়ে অনায়াস জয় পেলেও কংগ্রেস প্রার্থীর লড়াই ছিল অত্যন্ত কঠিন। আইএনএলডি-র দুই বিধায়ক ভোটদান থেকে বিরত থাকলেও পাঁচটি ভোট অবৈধ ঘোষিত হওয়ায় সমীকরণ জটিল হয়ে ওঠে।
কংগ্রেস প্রার্থী করমবীর সিং বৌধের পক্ষে পর্যাপ্ত বিধায়ক থাকলেও তিনি পেয়েছেন মাত্র ২৮টি ভোট। দলের অন্তত পাঁচজন বিধায়ক ক্রস ভোটিং করেছেন বলে অভিযোগ উঠেছে, যেখানে বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী সতীশ ১৬টি ভোট পেয়েছেন। এই অভ্যন্তরীণ ফাটল কংগ্রেস শিবিরে বড়সড় অস্বস্তি তৈরি করেছে। মাত্র কয়েক ভোটের ব্যবধানে আসনটি রক্ষা করতে সক্ষম হলেও দলের এই সাংগঠনিক দুর্বলতা প্রকাশ্যে আসায় শুরু হয়েছে জোর চর্চা।
ভোটের ফল প্রকাশের পর হরিয়ানার রাজনৈতিক অঙ্গনে পাল্টাপাল্টি অভিযোগ শুরু হয়েছে। বিজেপি সরকারের বিরুদ্ধে ভোটে প্রভাব খাটানোর অভিযোগ এনেছে কংগ্রেস, অন্যদিকে মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি একে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। বিদ্রোহী বিধায়কদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে হাত শিবির। বিহার ও ওড়িশার পর হরিয়ানাতেও রাজ্যসভা নির্বাচনকে কেন্দ্র করে এমন নজিরবিহীন রাজনৈতিক অস্থিরতা জাতীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল।

