হরিয়ানা রাজ্যসভা নির্বাচন: নাটকীয় লড়াই শেষে জয়ী বিজেপি ও কংগ্রেস প্রার্থী – এবেলা
এবেলা ডেস্কঃ
চণ্ডীগড়: হরিয়ানা রাজ্যসভা নির্বাচনে টানটান উত্তেজনার অবসান ঘটিয়ে জয়ী হলেন বিজেপির সঞ্জয় ভাটিয়া এবং কংগ্রেসের করমবীর সিং বৌধ। সোমবার বিধানসভার ৯০টি আসনের মধ্যে ৮৮ জন বিধায়ক ভোট প্রদান করেন। তবে ভোটগণনা ঘিরে রাতভর চলে চরম নাটকীয়তা। পাঁচটি ভোট অবৈধ ঘোষিত হওয়ায় সমীকরণ পাল্টে যায়, যার মধ্যে চারটিই ছিল কংগ্রেসের।
বিজেপি প্রার্থী সঞ্জয় ভাটিয়া ৩৯টি প্রথম পছন্দের ভোট পেয়ে অনায়াসেই জয় নিশ্চিত করেন। অন্যদিকে, সংখ্যাতত্ত্বের বিচারে কংগ্রেসের করমবীর সিংয়ের জয় নিশ্চিত থাকলেও ক্রস ভোটিংয়ের জেরে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। কংগ্রেসের পাঁচ বিধায়ক ক্রস ভোটিং করেছেন বলে অভিযোগ উঠেছে। শেষপর্যন্ত ২৮টি ভোট পেয়ে কোনোক্রমে জয়ী হন করমবীর।
এই নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে অভিযোগ-পাল্টা অভিযোগের ঝড় উঠেছে। কংগ্রেস শিবির বিজেপির বিরুদ্ধে নির্বাচনে প্রভাব খাটানোর দাবি তুললেও মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি তা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। ক্রস ভোটিং করা বিধায়কদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কংগ্রেস নেতৃত্ব। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই জয় কংগ্রেসের জন্য স্বস্তির হলেও দলের অভ্যন্তরীণ ফাটল স্পষ্ট করে দিয়েছে।

