লেটেস্ট নিউজ

হাওড়ায় প্রোমোটার খুনে বিজেপির থানা ঘেরাও: রণক্ষেত্র গোলাবাড়ি, তুঙ্গে উত্তেজনা – এবেলা

এবেলা ডেস্কঃ

হাওড়ার পিলখানায় প্রোমোটার সফিকুল খান হত্যাকাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার রণক্ষেত্রের চেহারা নিল গোলাবাড়ি থানা চত্বর। মূল অভিযুক্ত হারুন ও রোহিদ এখনও অধরা থাকায় ক্ষোভে ফেটে পড়ে বিজেপি। এদিন বিকেলে বিশাল মিছিল করে থানা ঘেরাও ও বিক্ষোভ দেখান দলীয় কর্মী-সমর্থকরা। পুলিশি ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টাকে কেন্দ্র করে শুরু হয় তীব্র ধস্তাধস্তি, যা সামলাতে হিমশিম খায় বিশাল পুলিশ বাহিনী।

তদন্তে নেমে পুলিশ বুধবার রাতে কলকাতা থেকে বিলাল, মহম্মদ ওয়াকিল ও দিলদার হোসেন নামে তিনজনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার আদালত তাদের আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। তবে সিসিটিভি ফুটেজে চিহ্নিত মূল ঘাতকরা পলাতক থাকায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। পুলিশ কমিশনার আকাশ মাগারিয়া দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলেও এলাকায় চাপা উত্তেজনা বজায় রয়েছে।

উল্লেখ্য, বুধবার সকালে পিলখানায় সফিকুল খানকে লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ছয় রাউন্ড গুলি চালায় দুই দুষ্কৃতী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনার পর থেকেই এলাকায় দুষ্কৃতীরাজ ও নিরাপত্তা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। বিজেপি নেতৃত্বের হুঁশিয়ারি, মূল অপরাধীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। পুলিশ বর্তমানে পলাতক হারুন ও রোহিদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *