হাওড়ায় সরকারি দফতরে একের পর এক বোমার হুমকি, আতঙ্কে প্রশাসন – এবেলা
এবেলা ডেস্কঃ
হাওড়ায় পরপর তিন দিন ধরে সরকারি দফতরে হুমকি ইমেল ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। শুক্রবার সকালে হাওড়া মেন পোস্ট অফিস ও জেলাশাসকের দফতরকে আরডিএক্স দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি সম্বলিত ইমেল পাঠানো হয়। দুপুর ১২টা ১০ মিনিটের মধ্যে বিস্ফোরণের হুঁশিয়ারি দেওয়া হলে দ্রুত সংশ্লিষ্ট কার্যালয়গুলি খালি করে দেওয়া হয়।
খবর পেয়ে হাওড়া সিটি পুলিশের বম্ব স্কোয়াড ও স্নিফার ডগ দিয়ে দফতরগুলিতে দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হয়। প্রাথমিক অনুসন্ধানে কোনো সন্দেহজনক বস্তু না মিললেও আতঙ্ক কমেনি। গত কয়েকদিনে বারবার এমন হুমকির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে জনমনে উদ্বেগ বেড়েছে।
আদালত চত্বর থেকে শুরু করে বিভিন্ন পোস্ট অফিসে ধারাবাহিক হুমকির ঘটনায় তদন্তকারীরা সাইবার সেলের সহায়তায় ইমেলের উৎস ও আইপি অ্যাড্রেস ট্র্যাক করার চেষ্টা করছেন। এটি কোনো দুষ্কৃতীচক্রের বড় কোনো চক্রান্ত নাকি নিছক বিভ্রান্তি, তা খতিয়ে দেখা হচ্ছে। গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলিতে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে।

