হাফিজ সইদের সঙ্গে সরাসরি যোগাযোগ ধৃত লস্কর জঙ্গিদের হ্যান্ডলারের, চাঞ্চল্যকর তথ্য
দিল্লি পুলিশের স্পেশাল সেল লস্কর-ই-তইবার একটি বড়সড় জঙ্গি মডিউল ফাঁস করে আট সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। ধৃতদের হ্যান্ডলার শব্বির আহমেদ লোনের সঙ্গে ২৬/১১ মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদ এবং জাকিউর রহমান লখভির সরাসরি যোগসূত্র পাওয়া গেছে। বর্তমানে বাংলাদেশে আত্মগোপনকারী কাশ্মীরের বাসিন্দা শব্বির ২০০৭ সাল থেকেই লস্কর শীর্ষ নেতৃত্বের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখে আসছিল বলে গোয়েন্দা সূত্রে দাবি করা হয়েছে।
তদন্তে জানা গেছে, এই জঙ্গি নেটওয়ার্কের নেপথ্যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সক্রিয় মদত রয়েছে। আইএসআই ভারতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের নিয়োগ করে নাশকতার ছক কষছিল। ধৃতদের তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের কাছ থেকে উদ্ধার হওয়া একাধিক মোবাইল ও সিম কার্ড থেকে আন্তর্জাতিক যোগসূত্রের প্রমাণ মিলেছে।
গোয়েন্দা তথ্য অনুযায়ী, এই গোষ্ঠীটি দিল্লির লালকেল্লাসহ ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানে আইইডি বিস্ফোরণের পরিকল্পনা করেছিল। গত নভেম্বরে লালকেল্লা সংলগ্ন এলাকায় হওয়া ভয়াবহ গাড়ি বিস্ফোরণের পর থেকেই নিরাপত্তা সংস্থাগুলি সতর্ক ছিল। বর্তমানে কেন্দ্রীয় সংস্থাগুলির সহায়তায় দিল্লি পুলিশ এই মডিউলের আর্থিক উৎস এবং অপারেশনাল ব্লু-প্রিন্ট খতিয়ে দেখছে।

