হার মানবে তেহরান? হরমুজ প্রণালীর সেই অপরাজেয় ‘দ্বাররক্ষক’কে কি শেষমেষ খতম করল ইজরায়েল – এবেলা
এবেলা ডেস্কঃ
বিশ্বের ‘তৈল ধমনী’ খ্যাত হরমুজ প্রণালীকে অবরুদ্ধ করার মূল কারিগর এবং ইরানের নৌসেনা প্রধান আলিরেজা তাংসিরি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইজরায়েলি সংবাদমাধ্যম। বন্দর আব্বাস শহরের উপকূলীয় এলাকায় ইজরায়েল ও আমেরিকার যৌথ অভিযানে তিনি প্রাণ হারিয়েছেন বলে খবর। ২০১৮ সাল থেকে হরমুজের দায়িত্বে থাকা এই দুর্ধর্ষ সেনাপতিই ট্রাম্প থেকে শুরু করে পশ্চিমী দুনিয়ার রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন।
বিশেষজ্ঞদের মতে, যুদ্ধের চতুর্থ সপ্তাহে তাংসিরির মৃত্যু তেহরানের জন্য এক বিশাল ধাক্কা। এর আগে খামেনেইয়ের ঘনিষ্ঠ আলি লারজানি, গুপ্তচর মন্ত্রী ইসমাইল খাতিব এবং বাসিজ ফোর্সের কমান্ডার গোলামরেজা সোলাইমানিও ইজরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন। প্রতিদিন প্রায় ২২ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রধান পথ এই হরমুজ প্রণালী। ভারত বা চিনের মতো দেশকে ছাড়পত্র দিলেও বাকি বিশ্বের জন্য এই পথ কার্যত রুদ্ধ করে রেখেছিলেন তাংসিরি। তাঁর অনুপস্থিতিতে ইরান কি পিছু হটবে নাকি আরও বিধ্বংসী রূপে ঝাঁপিয়ে পড়বে, এখন সেটাই দেখার।

