হাসপাতালে বেড অমিল কি না আগেভাগেই জানাবে ওয়েবসাইট, জনস্বার্থ মামলায় বড় নির্দেশ হাই কোর্টের – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে বেড পাওয়ার হয়রানি বন্ধ করতে ঐতিহাসিক নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। প্রতিটি হাসপাতালে কতগুলি শয্যা ফাঁকা রয়েছে, তা আগামী ৩০ দিনের মধ্যে একটি নির্দিষ্ট ডিজিটাল প্ল্যাটফর্ম বা ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করতে হবে। প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই যেন তাঁর পরিবার জানতে পারেন সংশ্লিষ্ট বিভাগে চিকিৎসার সুযোগ আছে কি না। মূলত ‘রেফার’ রোগের সমস্যা মেটাতে এবং জরুরি ভিত্তিতে পরিষেবা নিশ্চিত করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
আদালত পর্যবেক্ষণে জানিয়েছে, অনেক ক্ষেত্রে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘোরার ফলে রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটে। সঞ্জিত জানা নামে এক ব্যক্তির দায়ের করা জনস্বার্থ মামলার প্রেক্ষিতে এই নির্দেশ দেওয়া হয়েছে। মামলার আবেদনে সরকারি ও বেসরকারি হাসপাতালে শয্যার সংখ্যা এবং স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা বিষয়ক তথ্য ডিসপ্লে বোর্ডে দেখানোর দাবি জানানো হয়েছিল। চিকিৎসার সংকট কাটাতে ডিজিটাল এই ব্যবস্থার বাস্তবায়ন হলে সাধারণ মানুষ হয়রানি থেকে মুক্তি পাবেন বলে আশা করা হচ্ছে।

