লেটেস্ট নিউজ

হিঙ্গলগঞ্জে রেখা পাত্রের প্রার্থিপদ ঘিরে বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব, সল্টলেকে বিক্ষোভ – এবেলা

এবেলা ডেস্কঃ

২০২৬ বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ আসনে রেখা পাত্রকে প্রার্থী করায় বিজেপির অন্দরে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। রবিবার দুপুরে কলকাতার সল্টলেকে দলের নির্বাচনী কার্যালয়ের সামনে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় নেতা-কর্মীরা। তাঁদের সাফ দাবি, ‘বহিরাগত’ রেখা পাত্রকে কোনোভাবেই মেনে নেওয়া হবে না; পরিবর্তে ওই আসনে কোনো ‘ভূমিপুত্র’ বা স্থানীয় নেতাকে প্রার্থী করতে হবে। বিক্ষোভকারীরা স্লোগান তুলে অবিলম্বে প্রার্থী বদলের দাবি জানান।

বিজেপির এই অভ্যন্তরীণ কোন্দল নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি শাসকদল তৃণমূল কংগ্রেস। বেলেঘাটা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ সামাজিক মাধ্যমে বিক্ষোভের ভিডিও পোস্ট করে বিজেপিকে বিঁধেছেন। তিনি লেখেন, “আগে ঘর সামলা, পরে ভাববি বাংলা।” বিজেপির তথাকথিত ‘বিপ্লবী’ মুখকে নিয়ে দলের কর্মীদের এই প্রতিবাদকে হাতিয়ার করে পদ্মশিবিরের রণকৌশল নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

রাজ্যজুড়ে প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই একাধিক জায়গায় বিজেপির অন্দরে অসন্তোষ দানা বেঁধেছে। হিঙ্গলগঞ্জের এই ঘটনা সেই তালিকায় নতুন মাত্রা যোগ করল। কেন্দ্রীয় নেতৃত্ব অনেক ভাবনাচিন্তা করে সন্দেশখালি আন্দোলনের পরিচিত মুখ রেখা পাত্রকে প্রার্থী করলেও, স্থানীয় কর্মীদের আপত্তিতে অস্বস্তিতে পড়েছে বঙ্গ বিজেপি। তবে এই বিক্ষোভ ও প্রার্থী বদলের দাবি প্রসঙ্গে এখন পর্যন্ত গেরুয়া শিবিরের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *